বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
বাগাতিপাড়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়ায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি আসলাম আলীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার জামনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হাঁপানিয়া গ্রামের বাসিন্দা। এ মামলার অপর আসামি শ্রী ষষ্টি কুমার (৪২) এখনও পলাতক রয়েছে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মে জামনগর ইউনিয়নের চাইপাড়া আদর্শ গুচ্ছগ্রামের ওই নারী বাড়ির নিকটবর্তী একটি আমবাগানে খড়ি সংগ্রহ করতে গেলে আসামিরা তাকে জোর করে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনার পর আসামিরা পালিয়ে যায়। পরদিন ২৫ মে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করা হয়।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সিআইডিতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
"







































