সাহারুল হক সাচ্চু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের উল্লাপাড়া
বৃষ্টি হলেই গোনাইগাতি সড়কে বাড়ে ভোগান্তি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোনাইগাতি কাঁচা সড়ক কবে যে পাকা সড়ক হবে। যারা সড়কপথটিতে চলাচল করেন তাদের অনেকেরই মনে কথাটি জাগে। এ সড়কপথে বৃষ্টি হলেই চলতে বেশ কষ্ট হয়। বিভিন্ন গ্রামের লোকজন নানা ভোগান্তিতে চলাচল করেন। অটোভ্যান সড়কে কাদায় আটকে যায়। চালক সহজে চালিয়ে নিতে পারেন না। অটোভ্যান যাত্রীরা ঠেলে কাদা পার করে নেন।
উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানি হাট ঘেঁষে বয়ে যাওয়া গোহালা নদীর পশ্চিম পাড় গোনাইগাতি খেয়াঘাট থেকে সুজা-কালিয়াকৈর সড়কের কুমার সেতু অবধি প্রায় দুই কিলোমিটার কাঁচা সড়কপথে বিভিন্ন গ্রামের লোকজন চলাচল করেন। এটি গোনাইগাতি সড়ক নামে পরিচিতি পেয়েছে। এলাকাবাসীদের কাছ থেকে জানা গেছে, গোনাইগাতি কায়েম খোলা গ্রামের লোকজন এ সড়কপথে অটোভ্যান, মিশুক, মোটরসাইকেলে মোহনপুর বাজারে কিংবা সুজা বাজারে যাওয়া আসা করেন। আবার কালিয়াকৈর, সুজা, কৈবর্তগাতী এলাকার বেশিরভাগ জনগণ গোনাইগাতি সড়ক হয়ে এলংজানি বাজারে আসা যাওয়া করেন। গোনাইগাতির কৃষকেরা মাঠের ফসল এ সড়কপথে নানা বাহনে বাড়ি নেন বলে জানানো হয়। মোহনপুর ইউনিয়নের গোনাইগাতি সড়কপথসহ আশপাশের গ্রামগুলোর সড়ক মাস চারেক বন্যার পানিতে তলিয়ে থাকে। শুকনো মৌসুমে গোনাইগাতি সড়কে মিশুক, অটোভ্যান চলে। এর চালকরা এলাকার যাত্রীদের নিয়ে চলাচল করেন। গোনাইগাতি কাঁচা সড়কে বৃষ্টি হলেই চলতে কষ্ট হয়। সড়কের বিভিন্ন জায়গায় কাদাপানি জমে থাকে। বিভিন্ন বাহনের চলাচলে নানা সমস্যা দেখা দেয়। বড়-ছোট গর্তগুলোয় জমে থাকা কাদাপানিতে বাহনগুলোর চাকা আটকে যায়। এমনিতেই সড়কের কাদাপানি পেরুতে বাহনের যাত্রীরা নেমে হেঁটে চলেন। আর কাদায় চাকা আটকে গেলে যাত্রীরা ঠেলে বাহন পার করে নিয়ে থাকেন।
গোনাইগাতি সড়কে যাত্রী নিয়ে চলার পথে কাদায় আটকে যাওয়া বাহনের চালক সোহেল মিয়া বলেন, বৃষ্টি হলেই সড়কে চলাচল করতে নানা সমস্যা দেখা দেয়। সড়কের কয়েক জায়গায় কাদাপানি জমে থাকে। বাহন থেকে নেমে যাত্রীরা ঠেলে তা পার করে দেন। মাঝেমধ্যেই গাড়ি অচল হয়। তার কথায় সড়ক পাকা করা হলে সবারই ভোগান্তির অবসান হবে।
এলাকার কৃষক নজরুল ইসলাম ও শাহজাহান আলী বলেন, বৃষ্টি হলে সড়কপথটি হয়ে চলাচলে কষ্ট হয়।
আবার মাঠের ফসল নানা বাহনে বয়ে বাড়ির আঙ্গিনায় নিতে নানা সমস্যা দেখা দেয়। এলজিইডির উপজেলা প্রকৌশলী এম শহিদুল্লাহ বলেন, মোহনপুর ইউনিয়নের এলংজানি বাজার ঘিরে একাধিক সড়ক পাকাকরণে প্রকল্পভুক্ত করা হয়েছে। গোনাইগাতি সড়ক পাকাকরণে প্রকল্পভুক্ত করা হবে।
"







































