শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
জলাবদ্ধতা নিরসনে শ্রীপুরে রাস্তা-ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন

দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে ভোগান্তিতে থাকা গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড এলাকার বাসিন্দাদের জন্য স্বস্তির খবর এসেছে। প্রায় এক যুগ ধরে চলমান এ দুর্ভোগ নিরসনে রাস্তা ও ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুঞা, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল¬াল হোসেন বেপারী, বিএনপি নেতা এস এম মাহফুল হাসান হান্নান, কৃষকদল নেতা এস এম আবুল কালাম আজাদসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা জানান, এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যেত। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হতো। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ত এবং অনেক সময় বসতবাড়ি ও আশপাশের এলাকায় পানি জমে স্বাস্থ্যঝুঁকিরও সৃষ্টি হতো। শ্রীপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী হারুনুর রশিদ জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় প্রায় ১৫০ মিটার ড্রেন ও ইটের সলিং রাস্তা নির্মাণ করা হবে। প্রকল্পের জন্য প্রায় ১৯ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। তিনি বলেন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে রাস্তার উন্নয়ন সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও টেকসই হবে। এলাকাবাসীর প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও চলাচল সংকটের অবসান ঘটবে এবং এলাকার সামগ্রিক জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
"







































