বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাজেট নিয়ে বকশীগঞ্জে প্রতিক্রিয়া
ন্যাশনাল সার্ভিস কর্মসূচি জাতীয়করণের দাবি

জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। এবার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেট ঘোষনার পর জামালপুরের বকশীগঞ্জে নানা প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকেই বলছেন ভাল বাজেট, অনেকেই এই বাজেটে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছেন।
বাজেটে আগামি ২০৩০ সালের মধ্যে ৩ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর আশার আলো দেখতে শুরু করেছেন বকশীগঞ্জে কর্মরত ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ১৭০০ যুবক-যুবতী।
তারা প্রধানমন্ত্রীর দেয়া বাজেটকে স্বাগত জানিয়েছেন। এই বাজেটের আলোকে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সকল সদস্যদের চাকুরী স্থায়ী করাসহ জাতীয়করণের দাবি জানান ন্যাশনাল সার্ভিসের কর্মীরা।
বকশীগঞ্জ উপজেলায় কর্মরত ন্যাশনাল সার্ভিসের কর্মী আনিছুর রহমান রহমান বলেন, দুই বছরের জন্য আমাদের নিয়োগ দেওয়া হলেও আমাদের ইচ্ছার প্রতিফলন হচ্ছে না, তাই এই কর্মসূচির মেয়াদ বৃদ্ধি করা ও চাকুরী জাতীয়করণ করা হলে দেশে বেকারের সংখ্যা অনেকাংশে কমে যাবে।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা ন্যাশনাল সার্ভিস উন্নয়ন ঐক্য পরিষদের সভাপতি হাসানুজ্জামান সজিব জানান, আমরা প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। যেহেতেু ২০৩০ সালের মধ্যে কর্মসংস্থানের পরিধি বাড়ানো হবে সেহেতু আমরা যারা ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে কাজ করছি তাদেরকে জাতীয়করণ করার জোর দাবি জানাচ্ছি। তিনি এ বিষয়ে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
"





































