কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
ধর্ষণ মামলা করে বাড়িছাড়া ভুক্তভোগী পরিবার

কিশোরগঞ্জ এক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর আসামিপক্ষের হুমকিতে সন্তানসহ বাড়িছাড়া হয়েছে ভুক্তভোগী পরিবার। নিরাপত্তাহীনতায় দিন কাটানো পরিবারটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
গতকাল শুক্রবার সকালে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী শিশুর মা এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে ওই নারী বলেন, মেয়েটির বাবা মাটিকাটা শ্রমিক। মা মানুষের বাড়িতে কাজ করেন। তাদের দুটি মেয়ে। সাড়ে সাত বছরের বড় মেয়ে স্থানীয় প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। পাঁচ বছরের ছোট মেয়ে একই স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।
গত ২৩ এপ্রিল সন্ধ্যায় বড় মেয়েকে প্রতিবেশি সৌদি প্রবাসী লিটন মিয়ার ছেলে সানিম (১৫) চকোলেটের প্রলোভন দেখিয়ে মুখ চেপে ধরে তুলে নিয়ে যায়। এরপর আসামি তার বাড়ির পেছনে নিয়ে ধর্ষণ করে। মেয়েটি বাড়িতে এসে মায়ের কাছে ঘটনার বিবরণ দিলে পরদিন মা বাদী হয়ে সানিমকে একমাত্র আসামি করে সদর থানায় মামলা করেন। এদিনই সানিমকে গ্রেপ্তার করা হয়। আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর আদশে দেন। সানিম বর্তমানে গাজীপুর কিশোর সংশোধন কেন্দ্রে আছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মামলা করার পর থেকেই সানিমের বাবা সৌদি থেকে ফোন করে বাদীপক্ষকে কেটে টুকরো টুকরো করে হত্যার হুমকি দিচ্ছেন। আসামির চাচা বাদল মিয়া, আল আমিন, আরজু মিয়া, বাবুল মিয়া, চাচাতো ভাই উজ্জ্বল ও রায়হানসহ স্বজনরা বাড়িতে গিয়ে মেরে ফেলার হুমকি প্রদান করেন। প্রাণভয়ে মেয়েদের নিয়ে মা এখন বোনের মেয়ের বাসায় আশ্রয় নিয়েছেন। এখন দুই মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে আছে। মেয়েদের বাবা কেবল ঝুঁকি নিয়ে বাড়িতে থাকেন। শিশুটির মা পুলিশ বিভাগ ও প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেছেন। দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন।
"






































