ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

নীলফামারীর ডিমলা

ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাই এলাকায় আতঙ্ক

নীলফামারীর ডিমলা উপজেলার রংপুর-ডালিয়া মহাসড়কের সোনাখুলী স্লুইসগেট এলাকায় আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

চারটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত ভুট্টা ব্যবসায়ী জামিয়ার রহমানের (৪৫) পথরোধ করে মারধর ও নির্যাতনের মাধ্যমে তার কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে সোনাখুলী স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পারিবারিক তথ্যে জানা গেছে, ব্যবসায়ী জামিয়ার রহমান ব্যবসায়িক প্রয়োজনে দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়ে

জলঢাকা এলাকায় যান। কাজ শেষে রাতে নগদ অর্থ নিয়ে

বাড়ি ফেরার পথে রংপুর-ডালিয়া মহাসড়কের সোনাখুলী স্লুইসগেট এলাকায় পৌঁছলে চারটি মোটরসাইকেলে থাকা প্রায় আট সন্ত্রাসী তার গতিরোধ করে।

অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে এবং সঙ্গে থাকা নগদ প্রায় ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলার পর আহত ব্যবসায়ী রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকেন।

আহতের ছেলে সজিব (২৫) জানান, রাত প্রায় ৮টার দিকে ফোনে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভুক্তভোগীর ভাতিজা সাফিন ইসলাম বলেন, আমার চাচা দীর্ঘদিন ধরে ভুট্টার ব্যবসার সঙ্গে জড়িত। ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর বাড়ি ফেরার সময় পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।

ডিমলা থানার ওসি শওকত আলী সরকার বলেন, আহত ব্যবসায়ীকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

স্থানীয়দের অভিযোগ, একই এলাকায় এর আগেও একাধিক ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়