ক্রীড়া ডেস্ক

  ২৩ জুন, ২০২৬

বিশ্বকাপে প্রথম জয় মিসরের

মোহামেদ সালাহর নৈপুণ্যে বিশ্বকাপে নিজেদের ৯২ বছরের ইতিহাসে প্রথম জয় তুলে নিল মিসর। কানাডার ভ্যানকুভার স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা। এ জয়ের ফলে ‘জি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে ফারাওরা এবং নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা আরো উজ্জ্বল করেছে দলটি।

ম্যাচটি কানাডায় হলেও পুরো ম্যাচে গ্যালারি মাতিয়ে রেখেছেন মিসরের দর্শকরা, যা দেখে প্রধান কোচ হোসাম হাসান জানান তিনি যেন তার দল নিয়ে কায়রোয় খেলতে নেমেছেন। ম্যাচে এক গোল এবং অ্যাসিস্ট করেছেন দলটির সবচেয়ে বড় তারকা মোহামেদ সালাহ। ম্যাচ শেষে তাকে ঘিরেই সতীর্থরা উল্লাস করেছেন। সতীর্থদের কাছ থেকে অভিনন্দন ও প্রশংসা পাওয়ার পর সালাহ বলেন, ‘এটি সব খেলোয়াড়ের জন্য এক দুর্দান্ত অর্জন। এটি একটি দারুণ জয় এবং দলের পরিবেশও চমৎকার। আমাদের পরবর্তী ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।’ রেফারি যখন ম্যাচ শেষের বাঁশি বাজান, তখন স্টেডিয়ামজুড়ে কান ফাটানো উল্লাসে মাতোয়ারা মিশরের সমর্থকরা। সেই দারুণ মুহূর্তে দলটির কোচ হোসাম হাসান মিসরের পতাকা হাতে পুরো স্টেডিয়াম প্রদক্ষিণ করেন।

এরপর হাসান বলেন, ‘আমার অনুভূতি আর মিসরের সাধারণ মানুষের অনুভূতি একদম এক। কারণ আমিও তাদেরই একজন। আমি তাদের অনেক ভালোবাসি- যারা এখানে এসেছেন এবং যারা মিসরে বসে রাত জেগে খেলা দেখছেন।’ ‘স্টেডিয়ামের পরিবেশ দেখে মনে হচ্ছিল আমরা যেন মিসরেই আছি। সমর্থকরাই আসলে এমন এক আবহ তৈরি করেছিলেন। আমি খেলোয়াড়দেরও বলেছিলাম যে আমরা মিসরেই খেলছি। স্টেডিয়ামটি কায়রো স্টেডিয়ামের মতোই কানায় কানায় পূর্ণ ছিল।’ যোগ করেন মিসর কোচ। ইরানের সঙ্গে নিজেদের প্রথম ২-২ গোলে ড্রয়ের ম্যাচে দুবার এগিয়ে গিয়েও পয়েন্ট হারানো নিউজিল্যান্ড এবারও লিড ধরে রাখতে ব্যর্থ হয়। যেখানে সালাহই পার্থক্য গড়ে দেন।

নিউজিল্যান্ডের অধিনায়ক ক্রিস উড বলেন, ‘আমরা তাদের বেশ ভালোভাবেই আটকে রেখেছিলাম। তবে তাদের পুরো দলেই যথেষ্ট ভালো খেলোয়াড় আছে। আপনি শুধু একজন খেলোয়াড়ের ওপর মনোযোগ ধরে রাখতে পারেন না। সে (সালাহ) যেকোনো মুহূর্তে গোল করে বসতে পারেন এবং আজ তিনি সেটাই করে দেখিয়েছেন।

সে একজন দুর্দান্ত খেলোয়াড়। আপনাকে অবশ্যই তার ওপর কড়া নজর রাখতে হবে। তবে ওই দলে আরো অনেকে আছে যারা ব্যবধান গড়ে দিতে পারে এবং শেষ পর্যন্ত তারা গোলও করেছে।’ টুর্নামেন্টের শেষ ৩২-এ যাওয়ার লড়াইয়ে নিউজিল্যান্ড গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে। আর মিসর তাদের শেষ ম্যাচে লড়বে ইরানের বিপক্ষে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়