ক্রীড়া ডেস্ক

  ২২ জুন, ২০২৬

রাফিনহাকে নিয়ে দুঃসংবাদ দিল ব্রাজিল

বিশ্বকাপের মঞ্চে হাইতির বিপক্ষে সহজ জয়ে স্বস্তি ফিরলেও ব্রাজিল শিবিরে হানা দিয়েছে চোটের নতুন আতঙ্ক। দলের অন্যতম প্রধান ফরোয়ার্ড রাফিনহার হ্যামস্ট্রিং চোট নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ডান ঊরুর চোটে পড়া বার্সেলোনার এ তারকাকে অবশ্য এখনই বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দিচ্ছে না ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। যুক্তরাষ্ট্রের মাটিতে দলের সঙ্গেই থাকবেন তিনি। তবে আগামী বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার খেলা হচ্ছে না, সেটি নিশ্চিত। ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা ম্যাচের ৪০ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন ২৯ বছর বয়সি রাফিনহা। তার বদলি হিসেবে মাঠে নামেন রায়ান। পরবর্তী সময়ে রাফিনিয়ার চোটের গভীরতা পরীক্ষা করে সিবিএফ এক বিবৃতিতে বলে ‘শনিবারের পরীক্ষায় রাফিনহার ডান ঊরুর পেছনের অংশের পেশিতে চোট ধরা পড়েছে। আপাতত তিনি ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক দলের তত্ত্বাবধানে নিবিড় চিকিৎসা ও পুনর্বাসন কর্মসূচির মধ্য দিয়ে যাবেন। যত দ্রুত সম্ভব তাকে সুস্থ করে আবার মাঠের কার্যক্রমে ফিরিয়ে আনাই মূল লক্ষ্য।’

টুর্নামেন্টের শুরুতেই ডিফেন্ডার ওয়েসলি চোটের কারণে ছিটকে গেলেও রাফিনহাকে এখনই বিদায় করে দিচ্ছে না দল। টুর্নামেন্ট চলাকালীনই নকআউট পর্বের কথা মাথায় রেখে তাকে দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্য কোচ কার্লো আনচেলোত্তির। সিবিএফ আশাবাদী, প্রায় দুই সপ্তাহ পর শেষ ষোলোর লড়াই শুরু হলে রাফিনহাকে আবার মাঠে পাওয়া যাবে। একবার চূড়ান্ত স্কোয়াড নিবন্ধনের পর নতুন খেলোয়াড় নেওয়ার সুযোগ না থাকায় রাফিনহার সেরে ওঠার অপেক্ষাতেই থাকবে সেলেসাওরা।

কোচ আনচেলোত্তির জন্য এ বিশ্বকাপ যেন চোটের এক দীর্ঘ পরীক্ষা। এর আগে গত মার্চে হাঁটুতে গুরুতর চোট পেয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে যান রদ্রিগো। এরপর এপ্রিলে চোটের তালিকায় যোগ হন চেলসির তরুণ তারকা এস্তেভাও ও রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার এদের মিলিতাও। তবে ব্রাজিলের জন্য বড় স্বস্তির খবরও আছে। কাফ মাসলের চোটের কারণে প্রথম দুই ম্যাচ মিস করা নেইমার স্কটল্যান্ড ম্যাচের জন্য ‘প্রস্তুত থাকবেন’ বলে নিশ্চিত করেছেন আনচেলোত্তি।

মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর হাইতিকে হারিয়ে গ্রুপ ‘সি’র শীর্ষে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়