ক্রীড়া ডেস্ক

  ১৫ ঘণ্টা আগে

৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার

নিজেদের দ্বিতীয় ম্যাচেই শক্তির প্রদর্শনী করল স্বাগতিক কানাডা। কাতারকে ৬-০ গোলে বিধ্বস্ত করে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘বি’তে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়েছে তারা। ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে কানাডা, আর ম্যাচজুড়েই ছিল তাদের একচ্ছত্র আধিপত্য। তবে ম্যাচটি শুধু গোলবন্যার জন্যই নয়, ২ লাল কার্ড ও এক ভয়াবহ চোটের কারণেও আলোচনায় উঠে এসেছে।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কানাডা। জনাথন ডেভিড হ্যাটট্রিক করেন। এছাড়া সাইল লারিন ও নাথান সালিবা গোল করেন। কাতারের মোহাম্মদ আল-মান্নাইয়ের আত্মঘাতী গোলও ব্যবধান বাড়িয়ে দেয়। এ জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপে নিজেদের অবস্থান অনেকটাই শক্ত করেছে কানাডা। ম্যাচের ৫৩ মিনিটে ঘটে সবচেয়ে নাটকীয় ঘটনা।

কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনের ওপর ভয়াবহ ট্যাকল করেন কাতারের আসিম মাদিবো। প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিডিও রিভিউয়ের পর তাকে লাল কার্ড দেখান রেফারি। গুরুতর চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন কোনে। ঘটনাটির পর আবেগাপ্লুত হয়ে পড়েন মাদিবোও।

এর আগেও প্রথমার্ধে কাতারের আরেক খেলোয়াড় হোমাম আহমেদ লাল কার্ড দেখেন।

ফলে ম্যাচের বড় একটি অংশ নয়জন নিয়ে খেলতে হয় ২০২২ বিশ্বকাপের আয়োজকদের। সংখ্যাগত সুবিধার পুরোটা কাজে লাগিয়ে গোলের পর গোল করে কানাডা। এটি ছিল গ্রুপ ‘বি’র দ্বিতীয় রাউন্ডের ম্যাচ।

একই দিনে অনুষ্ঠিত গ্রুপের অন্য ম্যাচে সুইজারল্যান্ড ৪-১ গোলে হারিয়েছে বসনিয়া-হার্জেগোভিনাকে।

প্রথম ম্যাচে কানাডা বসনিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল, কাতারও সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে সমতায় শেষ করেছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়