ক্রীড়া ডেস্ক

  ১৯ জুন, ২০২৬

কোনো কিছুর কমতি ছিল না ফুটবল এমনই

ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়াম ছাড়ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ সময় হাসিমুখে কিছু ভক্তদেরকে অটোগ্রাফও দেন তিনি। তবে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে যে খুব একটা খুশি নয় সেটিও অকপটে স্বীকার করেছেন।

ম্যাচে পর্তুগাল খেলোয়াড়দের নিবেদনে কোনো কমতি ছিল কি না জানতে চাইলে রোনালদো পাল্টা প্রশ্ন করেন- ‘কিসের কমতি ছিল?’ এরপর অবশ্য নিজেই জানান, ‘কোনো কিছুরই কমতি ছিল না, ফুটবল এমনই। পর্তুগাল জিততেও পারতো, আবার হারতেও পারতো। ম্যাচটা যেকোনো দিকেই যেতে পারতো।’

ম্যাচ শেষ হতে না হতেই সামাজিকমাধ্যমে এই ম্যাচ নিয়ে লিখেছেন রোনালদো, ‘আমরা যেমনটা চেয়েছিলাম শুরুটা তেমন হয়নি, তবে গল্পটা এখনো শেষ হয়ে যায়নি।’

৪১ বছর বয়সি এই ফরোয়ার্ড সবাইকে ‘মাথা উঁচু রাখতে এবং পরবর্তী ম্যাচে মনোযোগ দিতে’ আহ্বান জানিয়েছেন।

বুধবার রাতে ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে নেমেই পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন রোনালদো। এ তালিকায় তিনি পেছনে ফেলেছেন পেপেকে। যিনি গ্যালারিতে উপস্থিত থেকে এই ম্যাচটি দেখেছেন।

এর পাশাপাশি ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে লিওনেল মেসির সর্বোচ্চ বিশ্বকাপ খেলার রেকর্ড ছুঁয়েছেন সিআরসেভেন।

আল নাসরের এই ফরোয়ার্ড এখন বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক খেলোয়াড় হিসেবে খেলার কীর্তি গড়লেন (গোলকিপার বাদে)।

তার সামনে আছেন কেবল ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলা। যিনি ১৯৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রেই ৪২ বছর ৩৯ দিন বয়সে খেলেছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়