মদন (নেত্রকোণা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

গৃহবধূকে উত্ত্যক্তের অভিযোগে দুই পক্ষে সংঘর্ষ, আহত ৮

ছবি : প্রতিদিনের সংবাদ

নেত্রকোণার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের মনিকা গ্রামে এক গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মনিকা গ্রামের খোকন মিয়ার ছেলে বাবু মিয়া, আনোয়ার মিয়ার স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় শাহজাহান মিয়ার দোকানের সামনে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে গুরুতর আহত হন খোকন মিয়া, বাবর মিয়া ও ফাতেমা আক্তার। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহতদের মধ্যে রয়েছেন ছাত্তার, আমিনুল, মুক্তা আক্তার ও দিলারা বেগম। তাদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত বাবু অভিযোগ অস্বীকার করে বলেন, “তাদের সঙ্গে মূলত পারিবারিক বিষয় নিয়ে বিরোধ রয়েছে। উত্ত্যক্ত করার অভিযোগ সঠিক নয়।”

এদিকে একই দিনে উপজেলার পৌরসভার বাড়িভাদেরা দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবুল হাসেম, শরীফ ও সঞ্জিলা আক্তার গুরুতর আহত হন। তাদেরও উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, মনিকা ও বাড়িভাদেরা গ্রামে পৃথক দুটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়