চাঁদপুর প্রতিনিধি
দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করবো না : শেখ ফরিদ আহমেদ

চাঁদপুর-০৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, কোনো ধরনের দুর্নীতি-অনিয়ম আমি বরদাস্ত করবো না। কাজের গুণগত মান, জনগণের টাকার সঠিক ব্যবহার এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে। গ্রামীণ জনপদের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ, নিরাপদ ও টেকসই করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে নীলকমল ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়কটি এইচবিবি পদ্ধতিতে উন্নয়ন করা হচ্ছে।
শুক্রবার (১৯ জুন) দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জনসাধারণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে “গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ” (দ্বিতীয় পর্যায়) ( তৃতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় ১৫০০ মিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, হাইমচরের প্রত্যন্ত অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে উন্নত যোগাযোগ ব্যবস্থার দাবি জানিয়ে আসছিলেন। এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, কৃষিপণ্য পরিবহন সহজীকরণ, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে পর্যায়ক্রমে বিভিন্ন সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও হাইমচর উপজেলার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী, স্থানীয় জনপ্রতিনিধি, নীলকমল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন সিকদার প্রমুখ।
পিডিএস/এমএইউ









































