আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ জুন, ২০২৬

লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জি-৭ সম্মেলনের নেতাদের

ফ্রান্সের এভিয়ান-লে-বেঁস শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনের শেষ দিনে বিশ্বনেতারা লেবাননে অবিলম্বে ও শক্তিশালী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে একটি অন্তর্বর্তী সমঝোতা চুক্তিকে স্বাগত জানানোর পাশাপাশি নেতারা এই দাবি তোলেন। মূলত ইরান ও লেবাননে সাত হাজারেরও বেশি মানুষের প্রাণহানির পর মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে এই চুক্তিকে একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখছেন বিশ্বনেতারা।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, চুক্তির অন্যতম প্রধান শর্ত হিসেবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। তবে এই প্রণালির ওপর বৈশ্বিক নির্ভরতা এবং ঝুঁকি কমাতে জ্বালানি সরবরাহের পথ বহুমুখীকরণের ওপর জোর দিয়েছেন জি৭ নেতারা।

এই চুক্তির পূর্ণ বাস্তবায়নে সবচেয়ে বড় সংকট হিসেবে দেখা দিয়েছে লেবানন ও ইসরায়েল পরিস্থিতি। গত মার্চে ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা চালানোর পর বর্তমানে সেখানকার একটি বড় অংশ দখল করে রেখেছে। ফলে প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইরান স্পষ্ট জানিয়েছে, স্থায়ী শান্তিচুক্তির জন্য লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি বাধ্যতামূলক। কিন্তু ইসরায়েল সেনা প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়েছে।

এই পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে প্রকাশ্য দূরত্বের সৃষ্টি করেছে। ট্রাম্প শীর্ষ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইসরায়েল যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছে তাতে তিনি মোটেও সন্তুষ্ট নন। বৈঠকে বসার সময় ট্রাম্প স্বভাবসুলভ ভঙ্গিতে নিজেকে বস বলে রসিকতাও করেন।

রাশিয়ার ওপর চাপ বাড়ানোর পরিকল্পনা

জি৭ শীর্ষ সম্মেলনের আরেকটি অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল ইউক্রেন যুদ্ধ। সম্মেলনে বিশ্বনেতারা ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি তাদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সাম্প্রতিক সময়ে সফল ড্রোন হামলার মাধ্যমে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান কিছুটা শক্তিশালী করতে পেরেছে। এতে আলোচনার টেবিলে কিয়েভের দরকষাকষির ক্ষমতা বেড়েছে বলে নেতারা মনে করছেন। রাশিয়ার ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ আরও বাড়াতে জি৭ দেশগুলো নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। এর মূল লক্ষ্য থাকবে রাশিয়ার জ্বালানি তেল ও গ্যাস খাত। ইউক্রেনকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার সামরিক সরঞ্জাম সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়