নিজস্ব প্রতিবেদক

  ৫ ঘণ্টা আগে

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শঙ্কা নেই

- ডিএমপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২৩ জুন। দিনটিকে ঘিরে কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। তবে ডিএমপি সতর্কাবস্থানে রয়েছে বলেও জানান তিনি। গতকাল শুক্রবার বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এটিকে কেন্দ্র করে আমরা সতর্কাবস্থানে আছি। তবে কোনো বড় ধরনের ঝুঁকি আছে বলে মনে করছি না। তিনি আরো বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে নিরাপত্তা চেকপোস্ট অব্যাহত রয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।

প্রসঙ্গত, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০২৪ সালে গণঅভ্যুত্থানের সময় ছাত্র হত্যার দায়ে ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ ট্রাইব্যুনাল। তিনি ভারত সরকারের আশ্রয়ে নয়াদিল্লিতে আছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়