ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

  ৫ ঘণ্টা আগে

ভৈরবে কমান্ডার আবদুর রউফ স্মৃতিস্তম্ভ উদ্বোধন

কিশোরগঞ্জের ভৈরবে আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বঙ্গবন্ধু সড়কের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় তার বাসভবনের সামনে স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমান্ডার আবদুর রউফ স্মৃতি পরিষদের সভাপতি অধ্যাপক এ কে মোবারক আলী। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ হোসেন, আবদুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন কমান্ডার রউফের কন্যা গীতালী হাসান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, নরসিংদীর রায়পুরা ফজলুল হক স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক আজিজুর রহমান ভূঁইয়া, পিএসটিসির নির্বাহী পরিচালক ডা. নুর মোহাম্মদ এবং তার পরিবারের পক্ষ থেকে তারই চাচাতো ভাই ডা. আবদুল্লাহ-আল মারুফ। এ সময় বক্তারা স্মৃতিস্তম্ভটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করার জন্য ভৈরব পৌরসভার সাবেক মেয়র ইফতেখার হোসেন বেনুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তার কন্যা গীতালী হাসান স্মৃতিস্তম্ভটি নির্মাণ করে তার বাবার স্মৃতি ধরে রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা স্বীকার করেন।

বক্তারা আরো বলেন, কমান্ডার আবদুর রউফ আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের গৌরব অর্জন করেছেন। তাকে সরকার গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বাধীনতা পদকে ভূষিত করেন। এই মহান ব্যক্তি ভৈরবের গর্ব হয়ে থাকবে।

প্রধান অতিথি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ বলেন, আমরা ছোটবেলা থেকে কমান্ডার রউফের নাম শুনেছি। তার গৌরবগাথা বীরত্ব জাতি স্মরণ রাখবে। আজ তার স্মৃতিস্তম্ভটি আমি উদ্বোধন করতে পেরে নিজকে গৌরবান্বিত মনে করছি। তিনি বলেন, সবশেষে তার স্মৃতিকে ধরে রাখতে হবে ও নতুন প্রজন্মকে জানাতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়