মানিকগঞ্জ প্রতিনিধি

  ৪ ঘণ্টা আগে

কৃষিকাজ

মানিকগঞ্জের কাঁচামরিচ দেশের মধ্যে সেরা

কাঁচামরিচ চাষের জন্য দেশসেরা মানিকগঞ্জের মাটি। এ জেলায় দেশের সেরা কাঁচামরিচ উৎপাদিত হয়। মানিকগঞ্জে উৎপাদিত কাঁচামরিচ স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্রে জানা যায়, মানিকগঞ্জের হরিরামপুর, শিবালয় ও ঘিওর উপজেলায় সর্বাধিক কাঁচামরিচ উৎপাদিত হয়। এ উপজেলাগুলোর মাটি কাঁচামরিচ চাষের জন্য উপযুক্ত এবং এটি এখানকার চাষিদের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল।

বর্তমানে জেলায় পুরোদমে কাঁচামরিচ তোলা চলছে। স্থানীয় বাজারে প্রচুর পরিমাণে কাঁচামরিচ পাওয়া যাচ্ছে। চাষিরা প্রত্যাশিত উৎপাদন ও ন্যায্যমূল্য পাওয়ায় খুশি। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৬০-৭০ টাকায় এবং পাইকারি দরে ৪৫-৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ঘিওর ও শিবালয় উপজেলার চাষিরা তাদের কাঁচামরিচ বরংগাইল ও উথুলি বাজারে এবং হরিরামপুর উপজেলার চাষিরা ঝিটকা, বল্লা, বাথোইমুড়ি ও সরুপাই বাজারে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করেন। যদিও খরার কারণে গাছের পরিচর্যা ব্যাহত হওয়ায় কাঁচামরিচ চাষিরা এ বছর সঠিক সময়ে ফসল তুলতে পারেননি। কিন্তু এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচামরিচ পাওয়া যাচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, কাঁচামরিচ তোলার মৌসুমে বহু মানুষ এই মৌসুমি ব্যবসায় নিযুক্ত হন এবং অর্থ উপার্জন করেন। প্রচুর পাইকারি ও খুচরা বিক্রেতা নিয়মিত চাষিদের কাছ থেকে কাঁচামরিচ সংগ্রহ করতে এলাকায় আসেন। কাঁচামরিচ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার জন্য এলাকায় শত শত ট্রাক চলাচল করে। শত শত শ্রমিক, যাদের অধিকাংশই নারী, মাঠ থেকে কাঁচামরিচ তোলার কাজে নিযুক্ত থাকেন।

বরংগাইল বাজারের মধ্যবয়সি কাঁচামরিচ ব্যবসায়ী আবদুর রহমান বলেন, প্রতিদিন একদল ব্যবসায়ী স্থানীয় বাজারগুলোতে আসেন এবং দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য আমাদের গুদাম থেকে কাঁচামরিচ কিনে নিয়ে যায়।

মরিচচাষি আহমদ আলী জানান, তারা বংশ পরম্পরায় জমিতে কাঁচামরিচ চাষ করে আসছেন। এতে তাদের বছরের আয়ের বড় অংশ অর্জিত হয়। বরংগাইল বাজারের আক্কাস আলী ও সোহেল আহমদ জানান, বেশ কয়েক বছর ধরে মানিকগঞ্জের কাঁচামরিচ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কিছু দেশে রপ্তানি করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্র জানায়, চলতি মৌসুমে মানিকগঞ্জে ৩ হাজার ৮২৫ হেক্টর জমি থেকে ৪২ হাজার ৮০২ টন কাঁচামরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ বলেন, মানিকগঞ্জ জেলার মাটি, বিশেষ করে হরিরামপুর, শিবালয় ও ঘিওরের মাটি কাঁচামরিচ চাষের জন্য উপযুক্ত। তিনি আরো বলেন, দেশের অন্য জেলার তুলনায় মানিকগঞ্জের কাঁচামরিচের গুণগত মান ভালো এবং বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়