মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু

এবারের ফুটবল বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই লিওনেল মেসি করলেন জাদুকরী হ্যাটট্রিক। মেসির মায়া ছড়ানোর ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩-০ গোলে।
এই ম্যাচে হ্যাটট্রিক করে মেসি ছুঁয়ে ফেললেন বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসার করা সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড। এখন আরেক গোল করলে এককভাবে শীর্ষে উঠবেন আর্জেন্টাইন মহাতারকা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। দি পলের কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে করেন চোখধাঁধানো এক গোল।
এরপর আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের ভুলে মেসি নিজের দ্বিতীয় গোলটি পান ম্যাচের ৬০ মিনিটে। ৭৬ মিনিটে আরেকটি দুর্দান্ত গোলে মেসি আদায় করে নেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক।
সব মিলিয়ে বিশ্বকাপ ধরে রাখার মিশনটা মেসি ও আর্জেন্টিনা শুরু করল বড় বার্তা দিয়ে। কাতারে বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হলেও ক্ষুধাটা এখনো চার বছর আগের মতোই আছে।









































