তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
তাড়াশে ইউপি সদস্যকে টাকা না দিলে মেলে না ভাতা কার্ড

সিরাজগঞ্জের প্রতিবন্ধী ও বিধবা ভাতা কার্ড করে দিতে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বারুহাঁস ইউনিয়ন বিনসাড়া গ্রাম এলাকায়।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিনসাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে মিতুয়ারা খাতুন (১৮) সে জন্মগতভাবে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী। মিতুয়ারার জন্য একটি প্রতিবন্ধী ভাতা কার্ডের জন্য দিনের পর দিন বিনসাড়া ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াস আলী ভূঁইয়ার নিকট ঘুরতে থাকেন।
অবশেষে প্রায় ১ বছরের ভাতার টাকা ওই ইউপি সদস্যকে দেওয়ার শর্তে তার ভাতা কার্ডের ব্যবস্থা হয় বলে অভিযোগ করেন প্রতিবন্ধী মিতুয়ারা মা মমতাজ বেগম। তিনি আরও বলেন, ১ বছরের প্রায় ৭ হাজার ২শ টাকার পুরোটাই ইউপি সদস্য ইলিয়াস আলী ভূঁইয়া নিয়ে নেন তার নিকট হতে।
অপরদিকে জাহেরা খাতুন (৪৮) দুর্ঘটনার শিকার হয়ে দীর্ঘ প্রায় ১০ বছর ধরে বিছানা হতে একা একা কোথাও চলাচল করতে পারেন না। তার প্রতিবন্ধী ভাতা কার্ড দেওয়ার কথা বলে ওই ইউপি সদস্য ৬ হাজার টাকা নেন অভিযোগ বিনসাড়া গ্রামের শফিজ মোল্লার।তিনি বলেন, ঋণ করে ৬ হাজার টাকাই দেই। যদিও ৪/৫ মাস পেরিয়ে গেলেও তার স্ত্রীর আজ অবধি প্রতিবন্ধী ভাতা কার্ড হয়নি।
এদিকে তৈয়ব আলী মন্ডলের ছেলে ইউনুছ আলী তার বাবার বয়স্ক ভাতা কার্ডের জন্য ইউপি সদস্য ইলিয়াস আলী ভূঁইয়াকে ৪ হাজার টাকা দিয়েছেন। তার বাবা বয়স্ক ভাতার কার্ডে জন্য ১ বছর ঘুরে ঘুরে ৪ হাজার টাকা দেওয়ার পর কার্ড করে দেওয়া হয়। রোমেলা খাতুন (৪৫) একটি বিধবা ভাতা কার্ডের জন্য ইউপি সদস্য ইলিয়াস আলী ভূঁইয়াকে ৪ হাজার টাকা দিয়ে রেখেছেন। এসময় তিনি আরও বলেন,তার বিধবা ভাতার কার্ড এখনও হয়নি ।
এছাড়া সামাজিক নিরাপত্তার কথা ভেবে নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন জানান, তাদের থেকেও ৪-৫ হাজার করে টাকা নিয়ে ভাতা কার্ড করে দিয়েছেন ইউপি সদস্য ইলিয়াস আলী ভূঁইয়া।
এ প্রসঙ্গে ইউপি সদস্য ইলিয়াস আলী ভূঁইয়া বলেন, সাধারণত ভাতার কার্ডের জন্য সংশ্লিষ্ট সকলকেই টাকা দিতে হয়। বারুহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা জানান, ভাতা দেওয়ার কার্ডে জনপ্রতিনিধিদের টাকা নেয়া বেআইনি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলাউদ্দিন মিঞা জানান, প্রতিবন্ধী ও বিধবা কার্ড দিতে টাকা নেয়া অন্যায়। তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পিডিএসও/তাজ









































