বিনোদন প্রতিবেদক
রওনক-শানুর ‘বুদ্ধিমান গাধা’

স্বভাবে নিতান্তই সরল হলেও দারুণ রগচটা মতি মাঝি। গরিবদের বিনা টাকায় পারাপার করলেও কথা নড়চড় হলেই সে যেই হোক তাকে পারাবার করে না মতি। বাইরের লোকের সঙ্গে যেমন তার বনিবনা নিয়ে সমস্যা; তেমনি বাড়িতেও বউ ফুলবানু ও মায়ের মধ্যে ঝগড়া নিয়ে অশান্তিতে থাকে সে। এক দিন এমনি একসময়ে বউ ও মায়ের ঝগড়াকে কেন্দ্র করে বউকে পেটায় সে এবং মাকেও বাড়ি থেকে বের করে দেয়। সুযোগ কাজে লাগায় আগে থেকেই তার ওপর ক্ষিপ্ত গ্রামের চেয়ারম্যান। সালিস বসিয়ে তার শাস্তি দেওয়া হয় দুটি ১০ ইঞ্চির ইট তার গলায় ঝুলিয়ে রাখতে হবে। তাই করতে গিয়ে নিদারুণ কষ্টের শিকার হতে হয় তাকে। একসময় মা অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য নদীর পাড়ে গিয়ে শোনে তার নৌকাটি চুরি করে নিয়ে গেছে তারই প্রতিদ্বন্দ্বী হারু। এমনি একটি গ্রাম্য নির্যাসের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘বুদ্ধিমান গাধা’ নামের একটি নাটকের পটভূমি। এতে মতির চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। আর তার স্ত্রীর চরিত্রে শানারেই দেবী শানু। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি নির্মাণ করেছেন এস এম কামরুজ্জামান সাগর। নাটকটি প্রসঙ্গে রওনক বলেন, “চরিত্রকে ভালোবেসে ধারণ করে তা রূপদান করা যায়- এমন খুবই কম নাটকই আছে। ‘বুদ্ধিমান গাধা’ নাটকটি আমার একটি উল্লেখ করার মতো কাজ হয়ে রইল। আমি খুব গর্ববোধ করি, এমন নাটকের এমন চরিত্রে অভিনয় করতে।” শানু বলেন, ‘গ্রামের যে একটা নিজস্ব নির্যাস আছে, তা গল্পের গাথুনিতে তুলে এনেছেন নির্মাতা সাগর ভাই। এখানে আমার চরিত্রটি একজন গ্রাম্য বধূর, যে কি না সন্তানহীনা। এ নিয়ে শাশুড়ির সঙ্গে প্রায়ই ঝগড়া লেগে থাকে আমার। সবমিলিয়ে দারুণ এনজয় করেছি আমার চরিত্রটি।’ এতে আরো অভিনয় করেছেন, মাহমুদুল ইসলাম মিঠু, হাসি মুন, মহিউদ্দিন লালু, সঞ্জয় নাথ, জাফর ইকবাল প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩টায় নাটকটি চ্যানেল আইতে প্রচার করা হবে।
"









































