ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০৭ অক্টোবর, ২০১৭

ভালুকায় মনোনয়নপ্রত্যাশী আ’লীগের ১২, বিএনপির ৪ ও জাপার ২

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা নিজ নিজ এলাকার মাঠ চষে বেড়াচ্ছেন। ঈদের পরও অনেক নেতা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নির্বাচনী এলাকায় অবস্থান করে প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন। ময়মনসিংহ-১১ ভালুকা উপজেলা নিয়ে গঠিত। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি বিগত চারবার ধরে আওয়ামী লীগের দখলেই রয়েছে। আওয়ামী লীগ পঞ্চমবারের মতো আসনটি ধরে রাখতে চায়। অপরদিকে বিএনপি তাদের হাতছাড়া হওয়া আসনটি পুনরুদ্ধারে মরিয়া।

আগামী একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের মতো এখানেও বইছে নির্বাচনী হাওয়া। গ্রামাঞ্চলে চা-স্টলে সাধারণ মানুষের মধ্যে বড় দুই দলের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে চলছে আলোচনা-পর্যালোচনা। বিগত দিনে এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও প্রার্থীদের যোগ্যতা আলোচনায় স্থান পাচ্ছে। এ আসনে দলীয় মনোনয়ন সংগ্রহে আওয়ামী লীগের ১২ জন ও বিএনপির চারজন মনোনয়নপ্রত্যাশী মাঠে সক্রিয় থাকলেও সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সক্রিয় কোনো প্রার্থী নেই।

আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশীরা হলেন-বর্তমান এমপি অধ্যাপক এম আমানউল্লাহ, উপজেলা চেয়ারম্যান ও ভালুকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজিম উদ্দীন আহম্মেদ ধনু, পাপুয়া নিউগিনি শাখা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা এম এ ওয়াহেদ, ভালুকা উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম পিন্টু, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আশরাফুল হক জর্জ, সাবেক ছাত্রনেতা ব্রিটিশ কলাম্বিয়া (কানাডা) আওয়ামী লীগের আহ্বায়ক বিজ্ঞানী ড. শফিউল আজম খোকা, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. কে বি এম হাদিউজ্জামান সেলিম, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ নেতা হাজী রফিকুল ইসলাম।

মনোনয়ন প্রশ্নে বর্তমান সংসদ সদস্য আমানউল্লাহ বলেন, আওয়ামী লীগ সভানেত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে ভালুকার উন্নয়নে দায়িত্ব দিয়েছিলেন। আমি মানুষের বিপুল ভোটে চারবার নির্বাচিত হয়েছি এবং অবহেলিত উন্নয়নবঞ্চিত জনপদের ব্যাপক উন্নয়ন করেছি। স্বাধীনতার ৪৬ বছর পর কোনো সংসদ সদস্য এত উন্নয়ন করতে পেরেছেন কি না ভোটাররাই বলতে পারবেন। আগামী নির্বাচনে দলীয় সভানেত্রী আমাকে মনোনয়ন দিলে আরো উন্নয়ন করতে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস। তবে আমাকে ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে তার পক্ষেই কাজ করব।

মুক্তিযুদ্ধে ১১নং সাবসেক্টর কমান্ডার মরহুম মেজর আফসার উদ্দিনের ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান কাজিম উদ্দিন আহমেদ ধনু বলেন, তিনি শহীদ পরিবারের সন্তান। তার পরিবারে ১৯ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। মনোনয়ন বিষয়ে তিনি বলেন, জনগণের সেবা করার জন্য ছাত্রাবস্থা থেকে রাজনীতি শুরু করি। নিজের এলাকার জনগণের সেবা করতে চাই। সাধারণ মানুষদের জন্যই আমি নমিনেশন চাইব। আমি ক্ষমতা চাই না। আমি চাই সাধারণ মানুষের কর্মী হয়ে তাদের পাশে দাঁড়াতে।

অপরদিকে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীরা হলেন-উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ জেলা (দক্ষিণ) বিএনপির যুগ্ম সম্পাদক মুহাম্মদ মোর্শেদ আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল, ময়মনসিংহ জেলা বিএনপির নির্বাহী সদস্য ও জিয়া ব্রিগেড বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হোসেন। এ ছাড়া জাতীয় পার্টি থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মেজর (অব.) আবদুল হামিদ ও জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম এ আসনে মনোনয়ন চাইবেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
একাদশ জাতীয় সংসদ নির্বাচন,ময়মনসিংহ-১১,ভালুকা,নির্বাচনী আসন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist