কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
কসবায় বিনামূল্যে বীজ-সার পেলেন ২ হাজার ৬০০ কৃষক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৬০০ কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ-সার ও বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রণোদনার আওতায় উচ্চ ফলনশীল উফশী রোপা আমন ধানের বীজ, মরিচ বীজ, বিভিন্ন শাকসবজির বীজ, বৃক্ষ ও লেবুর চারা বিতরণ করা হয়েছে। এছাড়া প্রতিটি কৃষককে ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ৩০ কেজি করে জৈব সার এবং লাউ, চালকুমড়া, মিষ্টিকুমড়া, কলমি শাক, শশা, বেগুন ও পুঁইশাকের বীজও সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিল মাহমুদ, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন, উপজেলা কৃষকদল সভাপতি মো. শাম মিয়া, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি বশির আহাম্মদ চৌধুরী, সাবেক সভাপতি আশরাফ আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শিবলী নোমানী, বিএনপি নেতা বাদল আহমেদ ও ছাত্রদল নেতা রাজু আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে ইউএনও মো. ছামিউল ইসলাম বলেন, সরকারি প্রণোদনার আওতায় পাওয়া বীজ-সার ও কৃষি উপকরণ গ্রহণের ক্ষেত্রে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। এক পরিবার থেকে একাধিক নামে সুবিধা নেওয়া বা এসব উপকরণ বিক্রির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি কৃষকদের প্রাপ্ত উপকরণ যথাযথভাবে ব্যবহারেরও আহ্বান জানান।









































