reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

দেশে মোট নদী ১,৪১৫টি : নৌমন্ত্রী

নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, নৌপরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, জাতীয় নদী রক্ষা কমিশন, পানি উন্নয়ন বোর্ড, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন ও নদী কর্মীদের সহায়তায় প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী দেশে মোট নদীর সংখ্যা ১ হাজার ৪১৫টি।

তিনি বলেন, ২০২৫ সালের ১৪ এপ্রিল পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং জাতীয় নদী রক্ষা কমিশনের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার সংসদে ময়মনসিংহ-৬ আসনের বিরোধী দলের সদস্য মো. কামরুল হাসানের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

শেখ রবিউল আলম জানান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থমূলক রিট পিটিশন নং ৩৫০৩/২০০৯ এর আদেশের পরিপ্রেক্ষিতে দেশের নদ-নদীর অবৈধ দখলরোধ, দূষণরোধ ও আর্থ-সামাজিক উন্নয়নে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিতকল্পে জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩ প্রণয়ন করা হয়।

হাইকোর্ট রিট পিটিশন নং ১৩৯৮৯/২০১৬-এর আদেশে জাতীয় নদী রক্ষা কমিশনকে নদ-নদীর আইনগত অভিভাবক ঘোষণা করে এবং বিদ্যমান আইনে এনফোর্সমেন্ট ক্ষমতা না থাকায় জাতীয় নদী রক্ষা কমিশনকে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে পরিণত করতে বিদ্যমান আইন সংশোধনের নির্দেশনা প্রদান করে। নদীর স্বার্থ-রক্ষা এবং জাতীয় নদী রক্ষা কমিশনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় নদী রক্ষা কমিশন আইন ২০১৩ সংশোধনের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানিয়েছেন।

নৌ-পরিবহন মন্ত্রী আরও জানান, প্রস্তাবিত আইনে নদ-নদী দখল ও দূষণকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা, পৃথক নদী আদালত প্রতিষ্ঠা, নদী দখল সংশ্লিষ্ট অভিযোগের তদন্ত ও অনুসন্ধান, দূষণের ক্ষতিপূরণ নির্ধারণ ও আদায়, মামলা দায়ের এবং তা তদারকির বিধান রাখা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়