বান্দরবান প্রতিনিধি

  ১২ জুলাই, ২০২৪

শিক্ষার উন্নয়নে এগিয়ে যাচ্ছে পার্বত্য এলাকা: বীর বাহাদুর উশৈসিং

বান্দরবান সরকারি মহিলা কলেজের একাডেমিক ভবন নির্মাণে শুক্রবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং। ছবি: প্রতিদিনের সংবাদ

শিক্ষার উন্নয়নে পার্বত্য এলাকা এগিয়ে যাচ্ছে। সেই সঙ্গে যোগাযোগ, কৃষি, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটবে বলে মন্তব্য করেছেন বান্দরবানের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং।

শুক্রবার (১২ জুলাই) সকালে বান্দরবান সরকারি মহিলা কলেজে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন বীর বাহাদুর। এর আগে কলেজে ছয় তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৪৭ লাখ টাকা।

বীর বাহাদুর উশৈসিং আরো বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে সমতলের মতো পার্বত্য এলাকার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ব্যাপক উন্নয়নকাজ বাস্তবায়ন হয়েছে, আগামীতেও হবে। আওয়ামী লীগ সরকারের কারণে দেশের জনগণ আজ শান্তিতে বসবাস করছে।’ তিনি শিক্ষার্থীদের উন্নত শিক্ষা গ্রহণ করে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রেয়াজুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক জান্নাতুল মাওয়া, সহকারী অধ্যাপক বকতিয়া উদ্দিন, পৌর মেয়র মো. সামসুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান, সহকারী প্রকৌশলী খগেন্দ্র চাকমা, উপ-সহকারী প্রকৌশলী মো.সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বান্দরবান,বীর বাহাদুর,শিক্ষার উন্নয়ন,পার্বত্য
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়