চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
নাচোলে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাঠে কাজ করার সময় পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার কামারজগদইল ও ঝলঝলিয়া এলাকায় মারা যান তারা।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেকুর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, জেলার গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী ইউনিয়নের শ্যামপুর এলাকার মন্তাজ আলীর ছেলে উজ্জ্বল (৪৫) ও নাচোল সদর ইউনিয়নের ঝলঝলিয়া গ্রামের আব্দুল আখেরের ছেলে উসমান গনি (৩০)।
ওসি তারেকুর রহমান জানান, নেজামপুর ইউনিয়নের কামারজগদইল-দিঘিপাড়ার একটি মাঠে ধানের চারা রোপণ করছিলেন উজ্জ্বল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। অন্যদিকে প্রায় একই সময়ে ঝলঝলিয়ায় মাঠে কাজ করার সময় উসমান গনিও বজ্রপাতে মারা যান। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
পিডিএস/আরডি









































