মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

  ১১ জুলাই, ২০২৪

মুরাদনগরে ব্যবসায়ী হত্যা মামলায় চারজনের ফাঁসি

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরের কোম্পানীগঞ্জ বাজারের ব্যবসায়ী ফারুক আহাম্মেদ রাজুকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যার ১১ বছর পর অভিযুক্ত চার আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা. ইয়াসমিন এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের রফিক (২৫), ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের নাজমুল সিকদার (২০), দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী গ্রামের মান্নান (২৭) এবং একই উপজেলার দক্ষিন ভিংলাবাড়ী গ্রামের সুমন(২৮)। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

জানা যায়, মুরাদনগরের কোম্পানীগঞ্জে ২০১৩ সালের দুই ডিসেম্বর রাতে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে কাপড় ব্যবসায়ী রাজুকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে। পরে মাথাটি সেফটিক ট্যাংকে ফেলে দেহটিকে একটি মাঠে বালুচাপা দিয়ে রাখে দুর্বৃত্তরা। এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশেপাশের বাসিন্দারা বালুর মাঠে গিয়ে চাপা দেওয়া অবস্থায় মানুষের হাত দেখতে পেয়ে পুলিশে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধারের পর পাশের একটি সেফটিক ট্যাংক থেকে ব্যবসায়ীর মাথা উদ্ধার করে।

এ ঘটনায় রাজুর বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে মুরাদনগর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে চার্জশীট দেন। দীর্ঘ শুনানি ও ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দিয়েছেন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুমিল্লা,মুরাদনগর,ফাঁসি,আদালত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়