সাভার (ঢাকা) প্রতিনিধি

  ১৯ আগস্ট, ২০২১

আশুলিয়া জিরাবো-বিশমাইল সড়কে দুর্ভোগ

ছবি : প্রতিদিনের সংবাদ

ঢাকার অদূরে আশুলিয়ার শিল্পাঞ্চল। এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত শ্রমিকরা পায়ে হেঁটে তাদের বিভিন্ন কর্মস্থলে যান। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাঘাটে খানাখন্দ তৈরি হয়ে সড়কে চলাচল বিপদজনক হয়ে উঠেছে।

এ সমস্যা সমাধানে কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী, পণ্য পরিবহণ ও গণপরিবহনের যাত্রীরা। ফলে অনেক সময় শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই জমে থাকা পানিতে রাস্তায় সৃষ্ট বড় বড় গর্তগুলো ভরে থাকে। এতে কখনো কখনো না দেখে ছোট-বড় পরিবহন, ভ্যান অটোরিকশা ও ট্রাক উল্টে যাচ্ছে। ঘটছে ভয়াবহ দুর্ঘটনা ও সম্পদহানি।

এলাকাবাসী ও পথচারী সূত্রে জানা যায়, এ রাস্তাটিতে প্রতিদিন প্রায় কয়েক হাজার অটোরিকশা ও নানা ধরনের ছোট-বড় ভারী যানবাহনসহ কলকারখানার জরুরি রপ্তানি কাজে নিয়োজিত বড় বড় লরি অহরহ চলাচল করে।

এতে ভাঙা রাস্তায় দীর্ঘ জ্যাম ও ভোগান্তিতে পড়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ক্ষতিগ্রস্ত এক ডিম ব্যবসায়ী জানান, আমার একমাত্র ব্যবসার মূলধন ২ হাজার ডিমের ভ্যান উল্টে গিয়ে সব ডিম ভেঙে পানিতে মিশে যাওয়ায় আজ পরিবার-পরিজনকে নিয়ে ভীষণ কষ্টে দিনাতিপাত করছি। আমরা খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলোর কষ্ট দেখার মতো কি কেউ নেই?

এলাকাবাসী পথচারীসহ সবাই দ্রুত এ সড়কটি নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

পিডিএসও/ইউসুফ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাভার,আশুলিয়া,শিল্পাঞ্চল,রাস্তাঘাট,খানাখন্দ,দুর্ভোগ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়