ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ধামরাইয়ে নারীর মরদেহ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে পরকীয়া প্রেমিক স্বপন অধিকারীর সঙ্গে পালিয়ে যাওয়া লক্ষীরাণী (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল এলাকার চিত্ত রায়ের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে রাতে কান্দিকুল গ্রামে চিত্ত রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রেমিক স্বপন অধিকারীকে আটক করেছে পুলিশ।
নিহত লক্ষ্মীরানী টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ধীরেন্দ্র মন্ডলের মেয়ে। একই থানার তক্তারঢালা গ্রামের রমেন সরকারের স্ত্রী। অন্যদিকে প্রেমিক স্বপন অধিকারী একই থানার বংশীনগর হলুদিয়া গ্রামের রবীন্দ্র অধিকারীর ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, লক্ষ্মীরানী পরকীয়া সোমবার রাত ৮টার দিকে প্রেমিক স্বপনের হাত ধরে চিত্ত রায়ের বাড়িতে পালিয়ে আসেন। প্রেমিকা লক্ষ্মীরানীকে চিত্ত রায়ের বাড়িতে রেখে স্বপন অধিকারী রাতে বোন জামাইয়ের বাড়ি কেলিয়া পালিয়ে যায়। এরপর লক্ষ্মীরানী চিত্ত রায়ের বাড়িতে ঘরের ভিতরে নিজের ওড়না দিয়ে আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এই বিষয়ে স্বপন অধিকারীর ফুফাতো ভাইয়ের স্ত্রী দূর্গারানী বলেন, স্বপন রাতে লক্ষ্মীরানী নামে একটি মহিলাকে নিয়ে বাড়িতে আসে। এই সময় তারা দুজনই ঘরের ভিতরে ছিল। কিন্তু কিছুক্ষণ পর ঘর থেকে বের হয়ে স্বপন অধিকারী দুর্গারানীর কাছে একটা গামছা চায়। পরে সে গামছা দিলে ঘটনাস্থল থেকে পালিয়ে কেলিয়া মনির দাসের বাড়িতে চলে যায়। রাতে দুর্গারানী ঘরে শুয়ে ছিল। সকালে তাকে ডাকলে ঘর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের জানালা দিয়ে দেখি সে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
এ বিষয়ে ধামরাই ওসি তদন্ত শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লক্ষ্মীরানী নামের ওই নারীর লাশ উদ্ধার করেছি। প্রেমিক স্বপন অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়াধীন।
"






































