ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

এক রাতেই কৃষকের স্বপ্নভঙ্গ

ঈশ্বরগঞ্জে ছয় গরু চুরি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক রাতে পাশাপাশি দুটি গোয়ালঘর থেকে ছয়টি গরু চুরি করে নিয়ে গেছে চোরচক্র। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন গরুর মালিক দুই ভাই আব্দুল খালেক (৫৫) ও আব্দুল মালেক (৪৮)। সোমবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার রাত সাড়ে ১২টার দিকে গরুকে খাবার দিয়ে ঘুমাতে যান তারা। ফজরের আজানের পর আব্দুল খালেক গোয়ালঘরে গিয়ে দেখেন দরজার তালা খোলা। ভেতরে ঢুকে গরু না দেখে চিৎকার শুরু করেন। পরে পরিবারের অন্য সদস্যরা এসে দেখেন, তার গোয়ালঘরের তিনটি গরুই নেই। একই সময় পাশের গোয়ালঘরে গিয়ে আব্দুল মালেকও দেখতে পান তার তিনটি গরুও নাই।

চুরি যাওয়া গরুর মধ্যে আব্দুল খালেকের দুটি ষাঁড় ও একটি গাভি ছিল, যার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। অন্যদিকে আব্দুল মালেকের একটি গাভি ও দুটি বকনা গরুর মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। মালেকের গাভিটি কয়েক দিনের মধ্যেই বাচ্চা প্রসব করার কথা ছিল।

গরু হারিয়ে আব্দুল মালেক বলেন, আমার ঘরটি খুবই জরাজীর্ণ। গাভিটি বাচ্চা দেওয়ার পর বিক্রি করে একটি নতুন ঘর নির্মাণের পরিকল্পনা ছিল। গরু চুরি হয়ে যাওয়াতে আমার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে।

আব্দুল খালেক বলেন, আমার ওপর ঋণের চাপ রয়েছে। একটি ষাঁড় গরু বিক্রি করে ঋণ শোধ করার আশা ছিল। এখন আমি একেবারেই নিঃস্ব হয়ে গেলাম।

স্থানীয় বাসিন্দা মাসুদ মিয়া বলেন, খুব পরিকল্পিতভাবে চুরির ঘটনাটি ঘটানো হয়েছে। এতে পুরো এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। একটি গরুর সঙ্গে কৃষকের স্বপ্ন ও জীবিকা জড়িয়ে থাকে। দ্রুত গরু উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। চোরচক্রদের শনাক্তের চেষ্টা চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়