উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
উল্লাপাড়া এলজিইডি নির্মিত দৃষ্টিনন্দন গ্রোথ সেন্টার উদ্বোধনের অপেক্ষায়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতাপ হাটে নির্মাণ করা আধুনিক মানের গ্রোথ সেন্টার এখন উদ্বোধনের অপেক্ষায়। উল্লাপাড়া এলজিইডি থেকে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পে এর নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়েছে।
উপজেলার বাঙ্গালা ইউনিয়নের এককালের নামকরা প্রতাপ হাটটি বহু বছরের পুরানো। সপ্তাহের দুদিন সোম ও শুক্রবার হাট বসে। এছাড়া প্রতিদিন সকালে এখানে নিয়মিত বাজার বসে। প্রতিদিনের বাজারে সবধরনের মালামাল কেনাবেচা হয়। সকালে কয়েক মণ দুধ বেচাকেনা হয় বলে জানা গেছে। প্রতাপ হাট ও বাজারে আশপাশের গ্রামগুলোর জনগণ বিভিন্ন জিনিস কেনাবেচা করে থাকেন।
উপজেলা এলজিইডি থেকে প্রতাপ হাটটিতে জনগণের সুবিধায় চারতলা ভবনের ভিত্তিতে দোতলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। এর চারপাশে ইউনিব্লক ইটে সড়কপথ নির্মাণ ও পুরো ভবন রং করা হয়েছে। এর নির্মাণ ব্যয় এক কোটি সাতাত্তর লাখ টাকা বলে জানা গেছে। এর নিচ তলায় কিচেন মার্কেটে মাছ, মাংস ও কাঁচা তরিতরকারির দোকান। আর দ্বিতীয় তলায় মনোহারী, কসমেটিকস, পোশাকের দোকানসহ অন্য মালামালের দোকান থাকবে বলে জানা গেছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী এম শহিদুল্লাহ বলেন, গ্রোথ সেন্টারটির চারপাশ ঘিরে সড়ক নির্মাণ কিছুদিন আগে করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ লেগেছে। আধুনিক মানের এটি তাড়াতাড়ি উদ্বোধন করা হবে।
"





































