রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

রায়গঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা মামলা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সাত বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গত সোমবার রাতে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে রায়গঞ্জ পৌরসভার পূর্বলক্ষ্মীকোলা গ্রামের বাসিন্দা হযরত আলী (৪৫) বিড়ি কিনে আনার জন্য দুই শিশুকে ৩০ টাকা দেন। শিশুরা দোকান থেকে বিড়ি ও ফুচকা কিনে হযরত আলীর বাড়িতে পৌঁছে দিতে গেলে তিনি তাদের কৌশলে ঘরের ভেতর ডেকে নেন এবং দরজা বন্ধ করে দেন।

এরপর তিনি সাত বছর বয়সি শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত ব্যক্তি তাকে ছেড়ে দেন। পরে ভয়ভীতি দেখিয়ে এবং মুখ বন্ধ রাখার শর্তে ২০ টাকা করে দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

বাড়ি ফিরে শিশুটি তার মাকে ঘটনাটি খুলে বলে। এরপর বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের পরামর্শে ভুক্তভোগীর মা বাদী হয়ে সোমবার রাতে রায়গঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেন।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের দেওয়া এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়