মা ইলিশ রক্ষা অভিযানে কোস্টগার্ড দক্ষিণ জোন

আশ্বিন-কার্তিক মাসে মা ইলিশ সমুদ্র থেকে নদীতে আসে ডিম ছাড়ার জন্য, এজন্য সরকার প্রজনন ক্ষেত্রে ইলিশ মাছ নিধন প্রতিরোধের অভিযানের লক্ষ্যে গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ‘মা ইলিশ রক্ষা অভিযান-২০১৯’ ঘোষণা করে। এ সময় সক্রিয় থেকে দায়িত্ব পালন করেছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী দক্ষিণ জোন। এসব অভিযান অব্যাহত রাখার কারণেই বিগত বছরের তুলনায় বর্তমানে মৎস্য উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।
‘মা ইলিশ রক্ষা অভিযান-২০১৯’ সফল করার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী একক ও যৌথভাবে মোট ২ হাজার ৪০৪টি অভিযান পরিচালনা করে। ওই অভিযানে মোট ১ কোটি ২৯ লাখ ৩১ হাজার ১০০ মিটার কারেন্ট জাল, ৮২৬ পিস বেহুন্দি জাল, ৪১ লাখ ২৬ হাজার ১৬৫ মিটার চরঘেরা জাল, ১১৮টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা, চিংড়ি রেণু ২ লাখ ২৩ হাজার ৩২৫ পিস ও ২৯ হাজার ৭৮৮ কেজি ইলিশ মাছ জব্দ করে। শুধু দক্ষিণ জোন কর্তৃক ৫৯ লাখ ৯ হাজার মিটার কারেন্ট জাল, আট পিস বেহুন্দি জাল, ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ মিটার চরঘেরা জাল, ৭৫টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও ৮ হাজার ৮৭৬ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ৩৩ কোটি ০৪ লাখ ৯৫ হাজার টাকা। সংবাদ বিজ্ঞপ্তি।
"



































