বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বিরামপুরে শিশুদের নিয়ে সাংবাদিকতা ও গণমাধ্যমবিষয়ক সেমিনার

দিনাজপুরের বিরামপুর উপজেলার বেলডাঙ্গায় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে শিশুদের মাঝে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে সচেতনতা এবং আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এক প্রেরণামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৮ মে) সকালে প্রকল্প কার্যালয়ে ‘সাংবাদিকতা বিষয়ক সেমিনার’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়। উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প বেলডাঙ্গা (বিডি-০২০৩) আয়োজিত এ সেমিনারে অর্থায়ন করে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ। কর্মশালায় প্রকল্পে নিবন্ধিত ১৫ বছরের ঊর্ধ্বে শিশু-কিশোররা অংশগ্রহণ করে।
সেমিনারে মূল আলোচক ও গণমাধ্যমকর্মী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক ‘স্বাধীন ভোর’ পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি ও ‘দি বাংলাদেশ টুডে’ পত্রিকার বিরামপুর উপজেলা প্রতিনিধি মো. ইব্রাহীম মিঞা। তিনি শিক্ষার্থীদের সামনে সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদ সংগ্রহের পদ্ধতি, গণমাধ্যমের দায়িত্বশীলতা, সত্য ও বস্তুনিষ্ঠতার গুরুত্ব এবং সমাজ গঠনে সংবাদপত্রের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ইব্রাহীম মিঞা বলেন, “সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সত্য ও ন্যায়ের পক্ষে সাহসিকতার সঙ্গে কাজ করার মানসিকতা একজন প্রকৃত সাংবাদিকের সবচেয়ে বড় গুণ। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গণমাধ্যমের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাই শিক্ষিত, সচেতন ও মানবিক মূল্যবোধসম্পন্ন তরুণদের এই পেশায় এগিয়ে আসা প্রয়োজন।”
তিনি তাঁর দীর্ঘ এক যুগের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে আরও বলেন, “সাংবাদিকতা যেমন একটি ঝুঁকিপূর্ণ পেশা, তেমনি এটি অত্যন্ত সম্মানজনক। শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতা তৈরি করতে এ ধরনের কর্মশালার গুরুত্ব অপরিসীম। এই প্রথম শিশু-কিশোরদের নিয়ে এমন একটি বিষয়ে সরাসরি আলোচনা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সাংবাদিকতা পেশা সম্পর্কে তাদের কৌতূহল ও নানা প্রশ্নের মাধ্যমে আগ্রহ প্রকাশ করে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যৎ প্রজন্মের মধ্য থেকেই দেশের যোগ্য, সৎ ও সাহসী সাংবাদিক তৈরি হবেÍযারা সমাজের অসঙ্গতি তুলে ধরে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখবে। আগামীতেও শিশুদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
"









































