ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
মজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

নওগাঁর ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৯৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন মোস্তাক। এ সময় আরো উপস্থিত ছিলেন মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, আগ্রাদ্বিগুন কলেজের অধ্যক্ষ মোজাফফর রহমান, ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার ম্যানুয়েল হাসদা, ইউপি প্রশাসনিক কর্মকর্তা সবুজ কুমার মণ্ডল, সহকারী কৃষি কর্মকর্তা মিলন কুমার, আগ্রাদ্বিগুন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাকিম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।
মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর কবির জানান, ২০২৩ ও ২৪ সালে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের প্রাথমিক পর্যায়ে ২৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়াও মাধ্যমিক পর্যায়ে ৭১ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এদের মধ্যে প্রতি ইউনিয়ন থেকে ১ জন করে ট্যালেন্টপুলে ও ৬ জন শিক্ষার্থীকে উপজেলা পর্যায়ে ট্যালেন্টপুলে বৃত্তি প্রদান করা হয়েছে।
"









































