ক্রীড়া ডেস্ক
ফিফা বিশ্বকাপে পরিকল্পনা চূড়ান্ত ইরানের

বিশ্বজুড়ে যখন ফুটবল উন্মাদনা তুঙ্গে, তখন মাঠের বাইরের চড়া ভূরাজনৈতিক উত্তাপ এসে লেগেছে ফুটবলারদের গায়েও। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আর চিরবৈরী দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের কারণে ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছিল চরম অনিশ্চয়তা। তবে সব শঙ্কা ও জটিলতা একপাশে রেখে শেষ পর্যন্ত বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি সারছে ইরান। নিরাপত্তা ও কূটনৈতিক জটিলতার কারণে শেষ মুহূর্তে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্প বা ঘাঁটি পরিবর্তন করতে বাধ্য হয়েছে ইরান ফুটবল ফেডারেশন। প্রথমে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুসান শহরে তাদের বেস ক্যাম্প করার কথা থাকলেও, ফিফার বিশেষ অনুমতি নিয়ে তা সরিয়ে নেওয়া হয়েছে মেক্সিকোর টিজুয়ানায়।
ইরান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, আগামী শনিবার তারা মেক্সিকোর নতুন বেস ক্যাম্পের উদ্দেশে রওনা হবে। এর আগে আজ বৃহস্পতিবার তুরস্কের আন্টালিয়া রিসোর্টে মালির বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম মেল্লিরা। তবে ট্যাকটিক্যাল গোপনীয়তা ও বাড়তি নিরাপত্তার কথা মাথায় রেখে ম্যাচটি পুরোপুরি রুদ্ধদ্বার বা দর্শক ও গণমাধ্যমবিহীন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষদিকে ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর থেকেই দলটির বিশ্বকাপ প্রস্তুতি ও যাতায়াত নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। সেই সংকটের মাঝেই তুরস্কের আন্টালিয়ায় ক্যাম্প গেড়ে তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে ইরান। যেখানে নাইজেরিয়ার কাছে হারলেও কোস্টারিকা ও গাম্বিয়ার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। মালির বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে টুর্নামেন্ট শুরুর আগে তাদের শেষ পরীক্ষা। এদিকে বৈরী রাজনৈতিক সম্পর্কের মধ্যেও ইরানি ফুটবলারদের বিশ্বকাপ খেলতে নিজ দেশে স্বাগত জানাতে আপত্তি নেই বলে জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রতিনিধি পরিষদের এক কমিটিতে দেওয়া বিবৃতিতে বলেন, ‘ইরান দলের বিশ্বকাপে অংশ নেওয়া বা আমেরিকার মাটিতে পা রাখা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই।’
"









































