স্বাস্থ্য ডেস্ক
ছানিমুক্ত কৈলাইল কর্মসূচির উদ্বোধন

গত সোমবার ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় পর্যায়ের পরিকল্পনা সভার মাধ্যমে ‘ছানিমুক্ত কৈলাইল কর্মসূচি’র উদ্বোধন করা হয়। এই কর্মসূচির আওতায় নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের সকল ছানি রোগীকে বিনামূল্যে অপারেশন করে ছানিমুক্ত করা হবে। আন্তর্জাতিক চক্ষুরোগসেবা দানকারী সংস্থা ‘অরবিস ইন্টারন্যাশনাল’ এবং অস্ট্রেলিয়ার ‘সোস্যাল হেল্প এণ্ডেভার ফর বাংলাদেশ (সেবা)’- এর সহযোগী সংগঠন ‘অল্টারনেটিভ অ্যাপ্রোচ’-এর ব্যবস্থাপনায় পরিচালিত সেবা স্বাস্থ্যকেন্দ্রের যৌথ উদ্যোগে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কৈলাইল ইউনিয়নের চক্ষু শিবিরের মাধ্যমে অপারেশনের জন্য ছানি রোগীদের সনাক্তকরণ ও নিবন্ধন করা হবে। অল্টারনেটিভ অ্যাপ্রোচের সহ-সভাপতি মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠিত এই পরিকল্পনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষুরোগ বিভাগের সাবেক প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির সাবেক ডীন অধ্যাপক ডা. মোস্তাক আহাম্মদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রিডিরেকটর ডা. মুনীর আহমেদ এবং প্রধান বক্তা হিসেবে কর্মসূচিতে অংশগ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন সেবার কার্যনির্বাহী সদস্য ও স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শরীফ আস্-সাবের।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সেবার পৃষ্ঠপোষক, পিএনএস গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবী কামরুল চৌধুরি এবং সেবা ও অল্টারনেটিভ অ্যাপ্রোচের সভাপতি ডা. আহমেদ শরীফ শুভ। উপস্থিত জনপ্রতিনিধিদের নিয়ে কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা অধিবেশনটি সঞ্চালনা এবং সভাশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন অরবিস ইন্টারন্যাশনালের সহযোগী পরিচালক জনাব ইকবাল হোসেন। উপস্থিত জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কর্মসূচি হাতে নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতার অঙ্গীকার করেন।
"









































