তুহিন খান নিহাল
মুখোমুখি
‘নিয়মিত কাজ করা আমার স্বপ্ন’

ছোটবেলা থেকেই তানিয়া বৃষ্টির ইচ্ছা ছিল মিডিয়ায় কাজ করার, স্বপ্ন ছিল অভিনয় করার। সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে ২০১২ সালে, ‘ভিট-চ্যানেল আই টপ মডেল-২০১২’ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে। ওই প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হয়েছিলেন তিনি। এরপর কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে
মিডিয়ায় পথ চলা শুরু কিভাবে?
ছোট থেকেই ইচ্ছা ছিল মিডিয়ায় কাজ করার। সেই লক্ষ্যেই চেষ্টা করেছি। আর সেজন্যই ‘ভিট-চ্যানেল আই টপ মডেল-২০১২’ প্রতিযোগিতায় অংশ নিই এবং সবার ভালোবাসায় দ্বিতীয় রানারআপ হই। তখন গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনের অফার পাই এবং সেখানে কাজ করি। একই সঙ্গে কাজ করি কিছু বিজ্ঞাপনে, নাটকে, এরপর চলচ্চিত্রে।
বর্তমানে ব্যস্ততা কী নিয়ে?
কয়েকটি সিরিয়ালে কাজ করছি। এর মধ্যে মাছরাঙা চ্যানেলে ‘হাউসওয়াইফ’, এটিএন বাংলায় ‘মন থেকে দূরে নয়’ এবং দীপ্ততে ‘পালকী’ সিরিয়ালটি চলছে। এছাড়া নতুন শুরু করলাম ‘ব্যাচেলর ডটকম’। কিছুদিন আগে একটি টিভিসি শেষ করলাম।
চলচ্চিত্রে কেমন কাজ করছেন?
এ পর্যন্ত তিনটি চলচ্চিত্রে কাজ করেছি। চতুর্থটি গুণী নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘ওয়াও বেবি ওয়াও’র শুটিং বন্ধ রয়েছে। ইতোমধ্যে আরো দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি, তবে এখনো শুটিং শুরু হয়নি। একটি ছটকু আহমেদের ‘দলিল’। এই ছবিতে আমার সহ-শিল্পী হিসেবে কাজ করবেন শিপন। আরেকটি হলো, দেবাশীষ বিশ্বাসের ‘তেজ’; বিপরীতে থাকবেন আসিফ নূর। শিগগিরই এই ছবি দুটির কাজ শুরু হবে।
নাটক আর চলচ্চিত্রের মধ্যে পার্থক্য কেমন?
চলচ্চিত্রের সঙ্গে অন্য কোনো মিডিয়ার তুলনা হয় না। পার্থক্যের কথা বললে আমি বলবো, নাটক ছোট পর্দা, আর চলচ্চিত্র বড় পর্দা। আর সেদিক থেকে দর্শকদের আকর্ষণ বরাবরই বড় পর্দার দিকে।
কোন ধরনের চরিত্রে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন?
ভিন্নধর্মী চরিত্রে কাজ করতে পছন্দ করি। যে গল্প ক্যারিয়ারের জন্য ভালো কিছু বয়ে আনবে, আর গল্পের সঙ্গে নিজের কাজের জায়গাটা ফুটে উঠবে, আমি তেমন গল্পেই কাজ করতে চাই।
কাজের ক্ষেত্রে কাউকে অনুসরণ করেন?
আমি কাউকে সেভাবে আইডল বলবো না। তবে শাবানা ম্যামের সিনেমা দেখি, তার অভিনয় আমার ভালো লাগে। শাবনূরের অভিনয়ও অনেক ভালো লাগে। আর দেশের বাইরে প্রিয়াংকা চোপড়াকে ফলো করি।
আপনার স্বপ্নের নায়ক?
আমার স্বপ্নের নায়ক সালমান শাহ, আর কাজ করার ইচ্ছা আছে শাকিব খানের সঙ্গে। কারণ, সে আমাদের সুপারস্টার।
মিডিয়ার বাইরে তানিয়া বৃষ্টি কেমন?
খুবই সাধারণ একটা মেয়ে। মিডিয়ায় এসেছিলাম ৪ বছর আগে। কিন্তু ওই সময় যা ছিলাম, এখনো তা-ই আছি। আমার সবার সঙ্গে মিশতে ভালো লাগে। কাজের পাশাপাশি আমি নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছি। সিদ্ধেশ্বরী গার্লস কলেজে মার্কেটিং বিষয়ে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি।
আপনার দুর্বলতার জায়গা কোনটি?
মানুষকে সহজে বিশ্বাস করে ফেলা আমার একটি দুর্বল দিক। তাছাড়া আমি সহজেই সবার সঙ্গে মিশে যাই। ফলে নানা রকম সমস্যায় পড়তে হয়।
"









































