বিনোদন প্রতিবেদক
গানে গানে মুগ্ধতা ছড়ালেন জয়-রাইসা

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী জয় ও রাইসা দীর্ঘদিন পর একই স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করেছেন। একটা সময় ছিলো যখন তারা দু’জন একের পর এক স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করতেন। হিন্দী বাংলা দ্বৈত গানে তারা শ্যোতা দর্শককে ঘন্টার পর ঘন্টা গানে গানে সুরে সুরে মুগ্ধ করে রাখতেন। দীর্ঘদিন পর একই স্টেজ শো’তে দু’জনের আবারো গাইবার সুযোগ এলো। দু’দিন আগে রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে আয়োজিত ‘ঢাকার বুকে মধ্যনগর’ শীর্ষখ অনুষ্ঠানে জয় ও রাইসা সঙ্গীত পরিবেশন করেন। যদিও তারা দু’জন শুরুতে এককভাবে সঙ্গীত পরিবেশন করছিলেন। কিন্তু একটা সময় সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘চাওয়া থেকে পাওয়া’ সিনেমায় খালিদ হাসান মিলু ও কনকচাঁপার গাওয়া সেই বিখ্যাত গান ‘সাথী তুমি আমার জীবনে’ গানটি গেয়ে উপস্থিত সকল শ্রোতা দর্শকের মাঝে ভীষণ মুগ্ধতা ছড়ান। ‘সাথী তুমি আমার জীবনে’ গানটি সাধারনত এই প্রজন্মের শিল্পীরা যেকোনো অনুষ্ঠানে বিশেষত যাদের দ্বৈত পরিবেশনা থাকে তারা গেয়ে থাকেন। কিন্তু জয় ও রাইসা যেভাবে গানটি পরিবেশন করেন সেভাবে এতোটা সুন্দর করে খুব কম শিল্পীরাই গাইতে পারেন। জয় ও রাইসার এই গানের পরিবেশনা শেষে উপস্থিত শ্রোতারা তাদের কন্ঠে আরো ডুয়েট গান শোনার জন্য অনুরোধ করেন। এরপর তারা দু’জন হিন্দী গানও পরিবেশন করেন। অনুষ্ঠানের উপস্থিত নন্দিত অভিনেত্রী ডলি জহুর বলেন,‘ এর আগে আমার রাইসার গান শোনার সুযোগ হয়েছিলো। আমিতো প্রথমে ভেবেছিলাম হয়তো কলকাতার কোনো শিল্পী হবে। কিন্তু পরে জানলাম যে রাইসা আমাদেরই শিল্পী। কী ভীষন মিষ্টি কন্ঠ তার। আর জয়ের কন্ঠটাও এক কথায় অসাধারণ। আমি ভীষণ আগ্রহ নিয় তাদের গান শুনছিলাম। ওরা সত্যিই ভালো গায়।’ ওস্তাদ রতন সরকার বলেন,‘ জয়-রাইসা দু’জনেই ভীষণ ভালো গায়। তাদের পরিবেশনা আমাকে ভীষণ মুগ্ধ করেছে।’ জয় বলেন,‘ যদিও অনুষ্ঠানে সময় কম ছিলো কিন্তু যতোটা ভালোভাবে গানগুলো গাওয়া যায় সেই চেষ্টাই ছিলো আমার। কারণ এটা এমন একটা আয়োজন ছিলো যেখানে বরেণ্য শিল্পীরা উপস্থিত ছিলেন, ছিলেন ক্লাবেরও শ্রদ্ধেয় মঞ্জু ভাই, বিদ্যুৎ ভাই। অভি ভাইকে ধন্যবাদ আমাকে এই আয়োজনে সম্পৃক্ত রাখার জন্য। অবশ্য এটা আমার বিশ্বাস যে ভাইয়া আমার কন্ঠে গান যে মুগ্ধতা নিয়ে শোনেন তার আয়োজনে এরপরেও থাকবো-এটা আমার বিশ্বাস।’ রাইসা বলেন,‘ অভি ভাইয়ের যেকোনো আয়োজনে তিনি আমাকে রাখার চেষ্টা করেন। তিনি আমার কন্ঠের গান ভীষণ পছন্দ করেন। আমি সর্বাত্বকভাবে চেষ্টা করি তার আয়োজনে উপস্থিত অতিথিদের গানে গানে মুগ্ধ করতে। ঢাকার বুকে মধ্যনগরে-আশা করি সবার প্রত্যাশা পূরণ করতে পেরেছি।’ অনুষ্ঠানে আরো সঙ্গীত পরিবেশন করেন রতন সরকার, তানজিন মিথিলা, স্বর্ণা, টুশি ও অপু আমান।
"









































