বিনোদন ডেস্ক
বাংলা সিনেমায় অভিনয় করতে চান কাজল

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল এবার জানালেন বাংলা সিনেমায় অভিনয়ের আগ্রহের কথা। সুযোগ ও উপযুক্ত গল্প পেলে বাংলা চলচ্চিত্রে কাজ করতে চান বলে জানিয়েছেন নব্বইয়ের দশকের এই গুণী তারকা।
সম্প্রতি ভারতের আনন্দবাজার ডটকম আয়োজিত ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা অনুষ্ঠানে অংশ নেন কাজল। দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের ভালোবাসা ও অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে কাজলকে প্রশ্ন করা হয়, তিনি বাংলা সিনেমা দেখেন কি না। উত্তরে সরাসরি ‘না’ বললেও বাংলা চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছার কথা প্রকাশ করেন। তিনি জানান, সময় ও সুযোগ মিললে অবশ্যই বাংলা সিনেমায় কাজ করতে চান। বাংলার সঙ্গে কাজলের পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের। তার মা কিংবদন্তি অভিনেত্রী তনুজা হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি বাংলা সিনেমায়ও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। মায়ের মতো অভিনেত্রী হতে পেরেছেন কি না- এমন প্রশ্নের জবাবে কাজল বিনয়ের সঙ্গে বলেন, তিনি এখনো সেই চেষ্টাই করে যাচ্ছেন। তার কথায়, তনুজা অনেক বড় মাপের অভিনেত্রী এবং মায়ের দেখানো পথ অনুসরণ করেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। অনুষ্ঠানে নিজের ব্যক্তিত্বের আরেকটি দিকও তুলে ধরেন কাজল। তিনি বলেন, কাজের ক্ষেত্রে তিনি অত্যন্ত সময়নিষ্ঠ। নির্ধারিত সময়ে শুটিং সেটে পৌঁছানো এবং কাজ শেষ হলে সময়মতো সেখান থেকে বেরিয়ে যাওয়াকে তিনি পেশাদারির অংশ বলে মনে করেন। একই সঙ্গে মন্তব্য করেন, বলিউডে সময়নিষ্ঠ শিল্পীর সংখ্যা খুব বেশি নয়।
"









































