বিনোদন প্রতিবেদক

  ৩ ঘণ্টা আগে

প্রথমবার জগন্নাথে ডীনস অ্যাওয়ার্ড, ভূষিত হলেন স্বর্ণা

বাংলাদেশে ১৯৯৯ সালে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ডিনস অ্যাওয়ার্ড’ চালু করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে প্রথম এই পুরস্কার চালু হয়। পরবর্তীতে দেশের অন্যান্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে বিভিন্ন অনুষদে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়। তবে এবারই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ডীনস অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে কৃতি শিক্ষার্থীদের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ থেকে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের চারটি ব্যাচের স্নাতক পর্যায়ের কৃতী শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন। সেই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়টির সঙ্গীত বিভাগের শিক্ষার্থী এবং টাঙ্গুয়ার হাওড়, নীলাদ্রি লেখ, শিমুল বাগান’খ্যাত জেলা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ঘাসি গ্রামের সঙ্গীতশিল্পী স্বর্ণা তালুকদার ডীনস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। স্বর্ণা অনার্স ফাইনাল পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন বিধায় তার হাতে এই পদক উঠে আসে। স্বর্ণা তালুকদার বলেন, ‘গত ১৭ জুন ছিল আমার জীবনের স্মরণীয় একটি দিন। ঈশ্বরের কৃপায় ডীনস্ অ্যাওয়ার্ড অর্জন করতে পেরে আমি সত্যিই আনন্দিত। এই অর্জন শুধু আমার একার নয় এর পেছনে রয়েছে আমার শ্রদ্ধেয় শিক্ষকদের দিকনির্দেশনা, অনুপ্রেরণা ও আশীর্বাদ। তাদের স্নেহ, শিক্ষা এবং বিশ্বাস আমাকে প্রতিনিয়ত আরো ভালো করার সাহস যুগিয়েছে। বিশেষভাবে কৃতজ্ঞ আমার বাবা-মায়ের প্রতি, যাদের ত্যাগ, ভালোবাসা, ধৈর্য এবং নিরন্তর সমর্থন ছাড়া এই পথচলা মাসকখনোই এত দূর এগোতে পারত না। সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি, যেন ভবিষ্যতেও জ্ঞানার্জন ও কর্মে মাধ্যমে নিজেকে আরো সমৃদ্ধ করতে পারি।’

প্রধান অতিথি বলেন, ‘এই অর্জন শিক্ষার্থীদের সারা জীবনের গর্ব ও স্মৃতির অংশ হয়ে থাকবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষারও ব্যাপক প্রয়োজন রয়েছে।’

স্বর্ণা নেত্রকোনার প্রখ্যাত গানের শিক্ষক রতন সরকারের কাছে দীর্ঘদিন তালিম নিয়েছেন। পরবর্তীতে ২০১৮ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতে অনার্স পড়া শুরু করেন। তার মেজর সাবজেক্ট ছিল নজরুল সঙ্গীত। মাস্টার্সে স্বর্ণা প্রথম শ্রেণিতে দ্বিতীয় হয়েছেন। স্বর্ণার ভালোলাগে ফোক গান গাইতে। তার কণ্ঠে প্রকাশিত দুটি মৌলিক গান হচ্ছে ‘ভালোবাসা এমনই হয়’ এবং ‘চোখের ভাষা’। ১০ নভেম্বর জন্ম নেওয়া স্বর্ণারও ইচ্ছে রয়েছে গান গাওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার। আপাতত বিসিএসের জন্যও প্রস্তুতি নিচ্ছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়