বিনোদন প্রতিবেদক
আনিকার ‘আমাকে দুঃখ দিওনা’

নতুনদের মধ্যে এরই মধ্যে কিছু ভালো ভালো গল্পের নাটকে নিখুঁত অভিনয় করে যে নবাগত অভিনয়শিল্পী দর্শকের প্রিয় হয়ে উঠেছেন তাদের একজন আনিকা আইরা, যার পুরো নাম আনিকা বিনতে কামাল আইরা। ইংরেজি সাহিত্যে পড়াশুনা করা অভিনেত্রী আনিকা আইরার জন্মদিন ছিল গত ৬ জুন। জন্মদিনে তিনি জানালেন বিরতির পর ঈদ উপলক্ষ্যে নতুন একটি সুন্দর গল্পের নাটকে অভিনয় করেছেন খায়রুল বাসারের বিপরীতে। নাম ‘আমাকে দুঃখ দিওনা’। যার গল্প রচনা ও পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে ঈদের আগেই। কয়েকদিনের মধ্যেই নাটকটি ইউটিউবে প্রচারে আসবে।
আনিকা আইরা বলেন, ‘খায়রুল বাসার ভাইয়ের সঙ্গে এর আগে মারুফ হোসেন সজীব ভাইয়ের পরিচালনায় আমি এখানেই থাকবো নাটকে অভিনয় করে অনেক সাড়া পেয়েছিলাম। মাঝে আমি পড়াশুনা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। যে কারণে কাজ থেকেও কিছুটা বিরত ছিলাম। বিরতির পর আবার বাসার ভাইয়ের সঙ্গে আমাকে দুঃখ দিওনা নাটকে অভিনয় করে ভালোলেগেছে। যার গল্প এক কথায় দুর্দান্ত। স্ক্রিপ্ট পড়ে ভালোলেগেছিল। আর সেরনিয়াবাত ভাইয়ের নিজের লেখা গল্প। যে কারণে নাটকে অভিনয় করেও ভালোলেগেছে। কারণ তিনি শুটিংয়ের সময় খুটিনাটি অনেক কিছুই ঠিকঠাক করে নিয়েছেন। সেরনিয়াবাত শাওন ভাইয়ের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা খুবই ভালো। বাসার ভাইও সহযোগিতা পরায়ণ। আশা করছি আমাদের দুজনের নতুন এই নাটকটি সবাই উপভোগ করবেন, আমি সত্যিই খুব আশাবাদী নাটকটি নিয়ে।’
মোস্তফা কামাল রাজের ‘মনের সাথী’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয়ে পেশাগতভাবে তার যাত্রা শুরু। তবে রাজেরই ‘লাইকব ফাদার লাইক সন’ নাটকে অভিনয় করে আনিকা প্রথম আলোচনায় আসেন। এরপর তাকে দেখা গেছে মারুফ হোসেন সজীবের ‘আমার বউ সব জানে’, ‘আমি এখানেই থাকবো’, রুবেল আনুশের ‘দেখা হওয়ার কথা ছিল’, ‘মিফতাহ আনানের ‘আপন যে জন’, ফরিদ উদ্দিন মোহাম্মদের ‘কাঠ গোলাপের গল্প’সহ আরো বেশকিছু সুন্দর গল্পের নাটকে।
"









































