বিনোদন প্রতিবেদক
আবারও আন্তর্জাতিক সম্মাননায় স্বপ্নীল

এর আগেও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশের এই প্রজন্মের শ্রোতাপ্রিয় গায়ক স্বপ্নীল সজীব। মূলত তার কণ্ঠে রবীন্দ্রসংগীত, লোকগীতি শুনতেই শ্রোতা-দর্শক বেশি ভালোবাসেন। সম্প্রতি নিউইয়র্ক সিটি স্টেট অ্যাসেম্বলির পক্ষ থেকে বিশেষ সম্মাননা সার্টিফিকেট দেওয়া হয় তাকে। এই সম্মাননা দেওয়া হয় দ্বিতীয় বিশ্ব মানবাধিকার ইউএসএ ইনক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে, যা স্বপ্নীলের সংগীতে অবদানের পাশাপাশি তার সাংস্কৃতিক দক্ষতাকে আন্তÍর্জাতিক মঞ্চে তুলে ধরেছে। নিউইয়র্কের ৩৮তম ডিস্ট্রিক্টের স্টেট অ্যাসেম্বলি সদস্য জেনিফার রাজকুমারের পক্ষ থেকে প্রদত্ত এই সম্মাননায় উল্লেখ করা হয়েছে, স্বপ্নীল সজীবের সংগীত এরই মধ্যে বিশ্ব জুড়ে এক সেতুবন্ধ রচনা করছে, যা বাংলাদেশি সংগীতকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখছে। স্বপ্নীল বলেন, ‘কৃতজ্ঞতা প্রকাশ করছি, নিউইয়র্ক সিটি স্টেট অ্যাসেম্বলির প্রতি। এই সম্মাননায় আমাকে আরো সচেতন আরো দায়িত্বশীল করে তুলেছে। আমি সত্যিই আবেগাপ্লুত।’ এদিকে স্বপ্নীল পণ্ডিত বিশ্ব মোহন ভাট, পণ্ডিত আমজাদ আলী খান, আশা ভোঁসলে, রুনা লায়লা, হরিহরণ, শ্রেয়া ঘোষাল এবং রেজওয়ানা চৌধুরী বন্যার মতো কিংবদন্তিদের সঙ্গে মঞ্চ শেয়ার করেছেন। স্বপ্নীল সজীবের সংগীত জীবনের ঝুলিতে রয়েছে বহু সম্মাননা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ডসহ বিভিন্ন শহরে বাংলার গান ও সংস্কৃতির প্রচার চালিয়ে যাচ্ছেন, যা বাঙালি সংস্কৃতিকে বিশ্বমঞ্চে নতুন মাত্রা দিয়েছে।
"









































