বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
বদলগাছীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের চাপাইনগর গ্রামে দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় গৌরী এক্কা (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৌরী এক্কা চাপাইনগর গ্রামের খোকন এক্কার মেয়ে। সে স্থানীয় গোঁবরচাপা কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে বাড়ি ফেরার পর নিজ বাড়ির নিকটবর্তী পাকা সড়ক পার হওয়ার সময় গৌরী রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার চেষ্টা করে। এ সময় জয়পুরহাটের দিক থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাতনামা পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পিকআপটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।
এ ঘটনায় নিহত শিশুর পরিবারে শোকের মাতম নেমে এসেছে। গৌরীর অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মাঝেও গভীর শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয়রা ঘাতক যানবাহন ও এর চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।









































