শোভা রহমান
কে এই হুররম সুলতানা
দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘সুলতান সুলেমান’-এর জনপ্রিয় চরিত্রের নাম ‘হুররম সুলতানা’। নজরকাড়া সৌন্দর্য আর সাবলীল অভিনয়ের দরুন চরিত্রটি উঠে এসেছে আলোচনায়। ‘হুররম সুলতানা’র চরিত্রে অভিনয় করা মেরিয়েম উজেরলিকে নিয়ে লিখেছেন

মেরিয়েম উজেরলি জার্মান বংশোদ্ভূত তুর্কি অভিনেত্রী এবং মডেল। দেখতে অনেকটা বিখ্যাত ‘টাইটানিক’ ছবির নায়িকা কেট উইন্সলেটের মতো। তিনি ১৯৮৩ সালের ১২ আগস্ট জার্মানির ক্যাসেলে জন্মগ্রহণ করেন। মেরিয়েমের বাবা হুসাইন তুর্কি। মা আর্সুলা জার্মান অভিনেত্রী। ক্যাসেলেই তার শৈশব-কৈশোর কেটেছে।
লেখাপড়ার সূচনা স্কাউস্পিয়েল স্টুডিও ফ্রেসে ফ্রেইয়ি ওয়ান্ড্ররফ স্কুলে। এক সন্তানের জননী মেরিয়েম বার্লিন ও ইস্তাম্বুলেই তার সাংসারিক জীবন কাটাচ্ছেন। মেরিয়েম অভিনয়জীবন শুরু করেন জার্মানিতেই।
তবে ‘ম্যাগনিফিক্যান্স সেঞ্চুরি’তে সুলতান সুলেমানের স্ত্রী ‘হুররম সুলতান’-এর চরিত্রে অভিনয়ের মাধ্যমে তুরস্কেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এই সিরিয়ালটিই বাংলা ডাবিংয়ের মাধ্যমে বর্তমানে বাংলাদেশে ‘সুলতান সুলেমান’ নামে প্রচার হচ্ছে।
‘হুররম সুলতান’ নামটি মনে এলেই চোখের সামনে ভেসে ওঠে বিশ্বের অদ্ভুত সুন্দর এক নারীমূর্তি।
তবে কারো কারো কাছে অপূর্ব এই হুররম খলনায়িকা, যার মধ্যে ঘরোয়া রাজনীতির কূটকৌশল ও সম্রাজ্ঞী হওয়ার লোভ প্রবল। কেউবা আবার বলছেন, হুররম যা করছে, ঠিকই আছে।
বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় এই হুররম সুলতান। অটোমান সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে হুররম সামান্য দাসী থেকে সম্রাজ্ঞী হওয়ার অসাধারণ গল্পের রানী, যার তীব্র প্রতিদ্বন্দ্বী সুলতানের প্রথম স্ত্রী মাহিদেভরান সুলতান, সুলতানের মা আয়েশা হাফসা সুলতানা, সুলতানের বাল্যবন্ধু এবং পরবর্তীকালে সাম্রাজ্যের প্রধান উজির ইব্রাহিম পাশা।
প্রায় ৭০০ বছর ধরে তুরস্কের অটোমান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবীজুড়ে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী। অটোমান সাম্রাজ্যের ষড়যন্ত্র, গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা এবং দাস প্রথার অন্তরালের কাহিনী নিয়ে নির্মিত মেগা সিরিয়ালে সবচেয়ে উজ্জ্বল চরিত্র হুররম সুলতান। এই অপরূপ সুন্দরী রানীর কারণেই ধীরে ধীরে সুলতানের প্রাসাদে দানা বাঁধতে থাকে বিদ্বেষ। পরিপ্রেক্ষিতে ক্রমেই ধ্বংসের দিকে যেতে থাকে অটোমানরা। মজার ব্যাপার হলো, অটোমান সাম্রাজ্যের ওই রানী বলতে এখন সবাই মেরিয়েম উজেরলিকে চিনে থাকে। চরিত্রের সঙ্গে একেবারে মিশে গেছেন তিনি।
সুলতান সুলেমানে সম্পৃক্ত হওয়া সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘হঠাৎ তুরস্কে অভিনয় করতে আসার জন্য ফোনে আমন্ত্রণ জানানো হয়। প্রস্তাব শুনেই রাজি হয়ে যাই।’ তিনি আরো বলেন, ‘শুটিংয়ের জন্য টানা দুই বছর আমাকে হোটেলেই থাকতে হয়েছে। সুলতান সুলেমানের আগেও জার্মান প্রোডাকশনে টিভি সিরিজ ‘নটরুফ হাফেনকান্তে’, ‘আইন ফাল ফ্যুয়ের সোয়াই’ ছাড়াও ‘জার্নি অব নো রিটার্ন’, ‘ইয়েস আবের বালেট’ ছবিতে অভিনয় করেন মেরিয়েম। কিন্তু ২০১১ সালে ‘সুলতান সুলেমান’-এ অভিনয়ের মাধ্যমে সর্বাধিক খ্যাতির দেখা পান এই তারকা। সিরিয়ালে ব্যতিক্রমধর্মী অভিনয়ের জন্য ২০১২ সালে পেয়ে যান ‘গোল্ডেন বাটারফ্লাই অ্যাওয়ার্ড’। নিউইয়র্কভিত্তিক ‘ম্যানস’ ম্যাগাজিনে জিকিউয়ের চোখে নির্বাচিত হন ‘ওম্যান অব দ্য ইয়ার’। কিন্তু দুর্ভাগ্যবশত শারীরিক অসুস্থতার জন্য ২০১৩ সালে এই মেগা সিরিয়ালের ১০৩ পর্ব থেকে মেরিয়েমের পরিবর্তে পর্দায় আসেন হুররম হিসেবে ভেহিদ পারসিন।
মেরিয়েমকে এই চরিত্রে নেয়াটা যেন হুট করেই হয়েছিল। ইতিহাসনির্ভর ঐতিহাসিক চরিত্রের জন্য উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছিল না নির্মাতারা। প্রায় আট মাস ধরে চলে হুররমের খোঁজ। অডিশনে ২০ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে এই চরিত্রের জন্য নির্বাচিত হন মেরিয়েম। নিজ অভিনয় এবং পেশাগত জীবনের জনপ্রিয়তার সুবাদে তিনি বহু বিজ্ঞাপন, চলচ্চিত্র ও খ্যাতনামা ব্র্যান্ডের ব্র্যান্ড এম্বাসেডর হয়েছেন। মেরিয়েমের ব্যক্তিগত ওয়েবসাইট থেকে জানা যায়, ৬১টি দেশে তার ৪০০ মিলিয়ন ফ্যান রয়েছে। শুধু ফেসবুকেই রয়েছে তার ৩.৭ মিলিয়ন ফ্যান।
"









































