আন্তর্জাতিক ডেস্ক
মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে ঘিরে বিদ্রোহ?

নিজের দল রিপাবলিকানের ভেতরেই ক্রমবর্ধমান বিরোধিতার মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসে রিপাবলিকান দলীয় আইনপ্রণেতারা দীর্ঘদিন ধরে তার বিরোধিতা করতে দ্বিধাবোধ করলেও এখন প্রেসিডেন্টের সিদ্ধান্ত থেকে দলীয় অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে আরও বেশি আগ্রহ দেখাচ্ছেন।
গত এক সপ্তাহে সিনেট এবং প্রতিনিধি পরিষদের রিপাবলিকানদের একাধিক উপদল ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধের নিন্দা, হোয়াইট হাউসের বলরুমের সঙ্গে যুক্ত ১০০ কোটি ডলারের তহবিল প্রত্যাখ্যান, ১৮০ কোটি ডলারের অস্ত্র ঠেকাও তহবিল থেকে পিছু হটতে বাধ্য এবং অভ্যন্তরীণ নজরদারি সংক্রান্ত আইন ঠেকাতে এগিয়ে এসেছে।
বৃহস্পতিবার ইউক্রেনকে সহায়তা প্রদান এবং রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাস করে ট্রাম্পের বিরুদ্ধে অবাধ্যতা দেখিয়েছে প্রতিনিধি পরিষদ। এই পদক্ষেপ প্রেসিডেন্টের ভেটো প্রদানের ক্ষমতার দিকেই অগ্রসর হচ্ছে বলে মনে করা হচ্ছে।
রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা অবশ্য সংশয় প্রকাশ করে বলেছেন, ট্রাম্প প্রকৃত কোনও বিদ্রোহের মুখোমুখি হচ্ছেন কি না, সেটি এখন দেখার বিষয়। তবে রিপাবলিকানদের একটি ক্রমবর্ধমান জোট তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইচ্ছা দেখাচ্ছে; যার মধ্যে এমন ব্যক্তিরাও রয়েছেন যাদেরকে ট্রাম্প ব্যক্তিগতভাবে পদচ্যুত করতে সহায়তা করেছিলেন। এটি এখন থেকে নির্বাচনের দিন পর্যন্ত তার সবচেয়ে উচ্চাভিলাষী উদ্যোগগুলোর জন্য হুমকি হয়ে উঠতে পারে।
রিপাবলিকান সিনেটর থম টিলিস, যিনি প্রেসিডেন্টের তথাকথিত ওয়ান বিগ বিউটিফুল বিলের বিরোধিতা করার পর গত বছর সিনেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, আমি মনে করি নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন মানুষ সেভাবেই ভোট দেবে যেভাবে তারা মনে করে যে, নির্বাচকমণ্ডলী তাদের কাছ থেকে আশা করে।
ডেমোক্র্যাটরা অবশ্য এই ধারণাকে বহুলাংশে উড়িয়ে দিয়েছেন। তারা বলছেন, সামগ্রিকভাবে দলটি যে বড় কোনও ইস্যুতে তার অবাধ্য হতে প্রস্তুত, এমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।
ট্রাম্প সমর্থিত বিভিন্ন উদ্যোগকে মাঝে মাঝে সমর্থন করা ডেমোক্র্যাট দলীয় সিনেটর জন ফেটারম্যান বলেন, যারা তার সাথে সম্পর্ক ছিন্ন করছেন, তারা মূলত ট্রাম্পেরই বের করে দেওয়া লোক। এটি আসলে দলের ওপর তার নিরঙ্কুশ নিয়ন্ত্রণের কথাই প্রমাণ করে।
"





































