বরিশাল প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

ব্যক্তিমালিকানাধীন জমি দখলের অভিযোগে মামলা, স্থিতাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়-সংলগ্ন কর্নকাঠি এলাকায় ব্যক্তিমালিকানাধীন জমি দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। মামলার বাদী মৌসুমী সুলতানা মিলির অভিযোগ, মো. রাহাত তালুকদার ও তার সহযোগীরা তার কেনা এবং খাজনা দেওয়া জমিতে অবৈধভাবে বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি আদালতে এমপি মামলা নং-৫৩/২০২৬ (বন্দর) দায়ের করেন।

আদালতের নির্দেশনার পর বন্দর থানা পুলিশ সংশ্লিষ্টদের নোটিশ দিয়ে জানিয়েছে, মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধীয় সম্পত্তিতে কোনো ধরনের নির্মাণকাজ, দখল পরিবর্তন, ভোগদখলে হস্তক্ষেপ বা অন্য কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। একইসঙ্গে উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে আরো উল্লেখ করা হয়, আদালতের নির্দেশ অমান্য করে কেউ বিরোধীয় সম্পত্তিতে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে প্রচলিত আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিরোধীয় সম্পত্তিটি বন্দর থানার কর্নকাঠি মৌজায় অবস্থিত প্রায় ১৫ শতক ৫০ অযুতাংশ জমি নিয়ে গঠিত। জমিটির দখল নিয়ে বর্তমানে আদালতে বিচারাধীন প্রক্রিয়া চলমান।

এছাড়া অভিযোগ রয়েছে, রাহাত তালুকদার ছাত্রদলের নাম ভাঙিয়ে নানারকম অপকর্মের সঙ্গে জড়িত। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে বরিশাল বন্দর থানার ওসি ইসমাইল হোসেন জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী উভয়পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধীয় জমিতে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে না। আদালতের নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়