খুলনা ব্যুরো
খুলনায় শিশু ও নানি হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

খুলনার আলোচিত দুই শিশু ও নানি হত্যা মামলার প্রধান আসামি রফিক হাওলাদারকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বরিশাল জেলা সদরের কাশিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গতকাল শুক্রবার দুপুরে তাকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) অনিমেষ মণ্ডল। গ্রেপ্তার ট্রাকচালক রফিক দৌলতপুর থানা এলাকার বাসিন্দা মো. আলমঙ্গীর হাওলাদারের ছেলে। র্যাব-৬-এর বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল শুক্রবার সকালে বরিশাল জেলা সদরের কাশিপুর এলাকায় অভিযান চালায় এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) অনিমেষ মণ্ডল বলেন, শুক্রবার দুপুরে র্যাব সদস্যরা আসামি রফিকুল হাওলাদারকে থানায় হস্তান্তর করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে রিমান্ডে নেওয়া হতে পারে। একইসঙ্গে তার স্ত্রী ফাতেমা বেগম মেরিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত ২৯ মে সন্ধ্যায় সোনাডাঙ্গা মডেল থানার দারুল আমান মসজিদ রোড এলাকার একটি ভাড়াবাড়ি থেকে বেবী বেগম ও তার দুই নাতি শামীম ও মুস্তাকিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশগুলো উদ্ধার হওয়ার পর থেকে শিশু দুটির সৎ বাবা রফিকুল হাওলাদার পালিয়ে যায়। সন্দেহের তীর ওঠে তার দিকে। অবশেষে উন্নত প্রযুক্তি ব্যবহার করে র্যাব-৬ তাকে বরিশাল সদর থানার কাশিপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।
"









































