প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ৮ ঘণ্টা আগে

স্বামী-স্ত্রী ও মা-ছেলেসহ সড়কে ঝরল ৯ প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। গতকাল শুত্রবার এসব প্রাণহানির ঘটনা ঘটে বলে জানা গেছে। সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী ও স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ মারা গেছেন ৪ জন, টাঙ্গাইলের ধনবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ ব্যক্তি। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতুর টোলপ্লাজায় লরির ধক্কায় আহত হয়েছেন ৬ জন। প্রতিনিধিদের পাঠানো খবর-

সিরাজগঞ্জ : বেলকুচিতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ ব্যাটারিচালিত অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের মেয়ে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বেলকুচি উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার মৃত বাছের সরকারের ছেলে মো. মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) ও জামতৈল গ্রামের মৃত সোনাউল্লাহ মুদির ছেলে অটোভ্যানের চালক মো. নুরু (৪৫)। আহত তামান্না খাতুন মোতালেব সরকারের মেয়ে।

বেলকুচি থানার ওসি ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করে জানান, মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যাটারিচালিত অটোভ্যানের এক্সেল ভেঙে বিকল হয়ে পড়ে। এ সময় ঢাকা থেকে এনায়েতপুরগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের দ্রুতগামী একটি বাস বিকল হওয়া ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হন তামান্না খাতুন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। আহত তামান্নাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। ওসি বলেন, বাসটিকে হেফাজতে নেওয়া হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ব্রাহ্মণবাড়িয়া : শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল ও বাড়িউড়া নামক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা রয়। স্থানীয় সূত্রে এবং হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থেকে সিএনজি অটোরিকশা করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোড যাচ্ছিলেন কাউসার মিয়া। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বর এলাকায় পেছন দিক থেকে একটি মাছভর্তি পিকআপভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশার চালক মাহবুব, অটোরিকশাযাত্রী জোসনা বেগম (৪০) ও তার শিশুপুত্র আশরাফুল (৫), জোসনার স্বামী কাউসার (৫০) ও তার মেয়ে আদিবা (৪)। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চালক মাহবুব, জোসনা বেগম ও তার শিশুপুত্র আশরাফুলের মৃত্যু হয়। আহত অন্যদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তাদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের দেওয়ান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপভ্যানচালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা যায়নি।

এদিকে সকাল ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কের জেলার সরাইলে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিযাত্রী মো. অলি মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার বাড়িউড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অলি মিয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বরইবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি হাজি মোহাম্মদ ইদন মিয়ার ছেলে।

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি : ধনবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। শুক্রবার ধনবাড়ীর নলহরা বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় এক বৃদ্ধ বাইসাইকেল আরোহী বাসচাপায় নিহত হয়েছেন। অন্যদিকে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পাথালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত ও দুইজন আহত হয়েছে।

ধনবাড়ী থানার ওসি নূরুস সালাম সিদ্দিক জানান, শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাড়কের ধনবাড়ী পৌরসভার নলহরা বাসস্ট্যান্ড এলাকায় খাদেমুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি রাস্তা পারাপারের সময় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনিয়া পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পাওয়া মাত্রই থানার এসআই ফিরোজ আহমেদ ও এসআই জাহাঙ্গীর আলমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। মরদেহটি ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নিহত খাদেমুল ইসলাম (৫৫) ধনবাড়ী পৌর এলাকার রূপশান্তি পশ্চিমপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।

অন্যদিকে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ধনবাড়ী থেকে তিন বন্ধু মোটরসাইকেলযোগে জামালুপরের দিগপাইতের দিকে যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল-জয়দেপুর-জামালপুর মহাসড়কের ধনবাড়ীর পাথালিয়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে তিন বন্ধু গুরুত্বর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে নেওয়ার পরে রাকিবুল হাসান (২৪) নামের একজনের মৃত্যু হয়। খবর পাওয়া মাত্রই থানার এসআই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।

নিহত রাকিবুল হাসান (২৪) উপজেলার পাইস্তা ইউনিয়নের ধোকেরখুল এলাকার আরশেদ আলীর ছেলে। আহতরা হলেন- ধনবাড়ী পৌরসভার চালাষ এলাকার নূরনবীর ছেলে মিঠুন (১৮) ও বিলাসপুর এলাকার শাজাহান আলীর ছেলে সাজ্জাত হোসেন (১৯)।

সোনারগাঁ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা টোলপ্লাজা অতিক্রমকালে একটি দ্রুতগতির লরির ধাক্কায় সামনে থাকা কয়েকটি গাড়ির চালক ও যাত্রীসহ ছয়জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ায় তাদের পরিচয় সনাক্ত করা যায়নি। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা ঢাকামুখী লেনের ওপর দিয়ে বেপরোয়া গতিতে আসা একটি লরি টোলপ্লাজা অতিক্রম করার সময় হঠাৎ ব্রেক ফেল করে। এ সময় দ্রুতগতি সম্পন্ন লরিটির সামনে থাকা একটি মাইক্রোবাস, তিনটি প্রাইভেট কার ও একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। লরিটির দ্রুতগতি সম্পন্ন ধাক্কায় মুহূর্তের মধ্যে সামনে থাকা যানবাহনগুলো দুমড়ে-মুচড়ে গিয়ে তিনটি গাড়িতে থাকা অন্তত ছয়জন আহত হন। কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুতগতি সম্পন্ন চলন্ত লরিটি ব্রেক ফেল করায় সামনে থাকা তিনটি প্রাইভেট কার, একটি মাইক্রোবাস এবং একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রতিটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা খবর পেয়েছি এ দুর্ঘটনায় ৫ থেকে ৬ জন আহত হয়েছেন। তবে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ায় তাদের পরিচয় সনাক্ত করা যায়নি। দুর্ঘটনাকবলিত যানবাহন গুলো বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়