reporterঅনলাইন ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি, ২০২০

যুগান্তকারী ক্রীড়াবিদের সম্মান লাভ রোমান সানার

বিশ্ব আর্চারি ফেডারেশনের ওয়েবসাইটে গত ৯ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে বাংলাদেশের সেরা আর্চার রোমান সানাকে ‘যুগান্তকারী অ্যাথলেট’ হিসেবে উল্লেখ করেছে। বাংলাদেশ দলের জার্মান কোচ মার্টিন ফ্রেড্রিককেও বর্ষসেরা কোচের খেতাব দেওয়া হয়েছে।

বিশ্ব চ্যাম্পিয়নশীপে ব্রোঞ্জ প্রদক জয় করায় ২০১৯ সালের যুগান্তকারী অ্যাথলেট হিসেবে মনোনীত হন ২৪ বছর বয়সি রোমান সানা ও কোচ মার্টিন। এ সাফল্যে বাংলাদেশের এই কৃতি আর্চার অলিম্পিক গেমসে সরাসরি অংশগ্রহণের সুযোগ লাভ করেছেন বলে বিশ্ব আর্চার ফেডারেশনের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খুলনা থেকে উঠে আসা ২৪ বছর বয়সি রোমান সানা গত বছর দেশের জন্য অনেকগুলো সম্মান বইয়ে এনেছেন। তৃতীয় আইএসএসএফ ওয়ার্ল্ড র‌্যাংকিং চ্যাম্পিয়নশীপে রৌপ্য পদক জয়ের পর জুনে হল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশীপে ব্রোঞ্জ পদক জয়ের মাধ্যমে আগামী বছর অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করেন তিনি।

সেপ্টেম্বরে ফিলিপাইনে অনুষ্ঠিত এশিয়া কাপে (স্টেজ-৩) সোনা পদক জয়ের নায়ক রোমান সানা পরে নেপালের পোখরায় অনুষ্ঠিত ১৩তম দক্ষিণ এশীয় গেমসে (এসএ) তিনটি সোনা পদক জয় করে বাংলাদেশের অসাধারণ সাফল্যের প্রেরণা হিসেবে কাজ করেছেন। আসরে আর্চারি ইভেন্টের ১০টি সোনা পদকের সবকটিই জিতে নিয়েছে বাংলাদেশের আর্চাররা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রোমান সানা,বর্ষসেরা,অলিম্পিক,সোনা পদক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়