শিশুদের সুরক্ষায় এআই নীতিমালা কঠোর করছে চীন

চীনে শিশুদের সুরক্ষা দিতে এআই-এর ওপর আসতে চলেছে কঠোর বিধিনিষেধ। এআই চ্যাটবটগুলোর পরামর্শে শিশুরা অনেক সময় নিজেদের ক্ষতি করতে পারে বা সহিংসতার দিকে পরিচালিত হতে পারে। আর এগুলোকে এমন কোনো পরামর্শ দেওয়া থেকে বিরত রাখতেই নতুন এই কঠোর নিয়ম প্রস্তাব করেছে দেশটি।
এ ছাড়া বিবিসি জানিয়েছে, নতুন এই নীতিমালায় ডেভেলপারদের নিশ্চিত করতে হবে যে, তাদের এআই মডেলগুলো জুয়া খেলা প্রচার করবে না।
এ ঘোষণা এমন এক সময়ে আসল যখন চীন এবং বিশ্বজুড়ে চ্যাটবটের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বিশ্বজুড়ে অ্যাপ ডাউনলোড চার্টের শীর্ষে থাকায় চীনা এআই সংস্থা ‘ডিপসিক’ এই বছর নানা খবরের শিরোনামে এসেছে। চলতি মাসে, দুটি চীনা স্টার্টআপ ‘জেড.এআই’ এবং ‘মিনিম্যাক্স’-কে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে কর্তৃপক্ষ।
নীতিমালাটি চূড়ান্ত হয়ে গেলে, চলতি বছরে নিরাপত্তা উদ্বেগের কারণে তীব্র তদন্তের মুখে পড়া এসব এআই পণ্য এবং পরিষেবাগুলোতে নতুন নিয়ম প্রযোজ্য হবে।









































