ঢাবির টিএসসিতে ৪৯তম বিসিএস কর্মকর্তাদের মিলনমেলা
সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ গড়ার আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক উৎসবমুখর পরিবেশে ৪৯তম বিশেষ বিসিএস কর্মকর্তাদের গেট-টুগেদার ও মিলনমেলা হয়ে গেল।
শুক্রবার(১২ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এই বিশেষ বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জনপ্রিয় শিক্ষা প্ল্যাটফর্ম ‘লাইভ এমসিকিউ’ এবং ‘জেনেসিস বিসিএস কেয়ার’-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন কর্মকর্তাদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। বিশেষ অতিথি ছিলেন ঢাবির বাংলা বিভাগের খ্যাতিমান অধ্যাপক ড. তারিক মনজুর।
দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতার বার্তা: প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ৪৯তম বিশেষ বিসিএসে সুপারিশপ্রাপ্ত সকল কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
সিভিল সার্ভিসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তা হিসেবে দেশ ও জাতির প্রতি আপনাদের সুনির্দিষ্ট দায়বদ্ধতা রয়েছে। সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে এবং জাতির প্রত্যাশা পূরণে আপনাদের সর্বদা নিষ্ঠা, সততা ও সর্বোচ্চ দক্ষতার সঙ্গে কাজ করে যেতে হবে।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপনী: অনুষ্ঠানের মূল আলোচনা পর্ব শেষে এক জমকালো ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীন কর্মকর্তা ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় গান, কবিতা ও আবৃত্তির মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে টিএসসি মিলনায়তন।
উপস্থিত কর্মকর্তারা এই আয়োজনকে তাদের নতুন পথচলার এক দারুণ অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।









































